জগন্নাথপুর (সুনামগঞ্জ) সংবাদদাতা
উপজেলার রানীগঞ্জ আঞ্চলিক মহাসড়কের কাঁটা নদীর স্টিল ব্রিজসংলগ্ন সরকারি ভূমি থেকে সোমবার অবৈধভাবে নৌকা দিয়ে মাটি উত্তোলনের দায়ে দুই শ্রমিককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইয়াসির আরাফাত। দণ্ডপ্রাপ্তরা হলেন—উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের ইছগাঁও গ্রামের তবাজ উল্ল্যার ছেলে আব্দুল মিয়া ও জাফর আলীর ছেলে জয়নাল মিয়া। দণ্ডপ্রাপ্ত দুই মাটি কাটা শ্রমিককে সোমবার পুলিশ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে।
এসিল্যান্ড ও ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট মো. ইয়াসির আরাফাত জানান, সরকারি ভূমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে দুই শ্রমিক আব্দুল মিয়া ও জয়নাল মিয়াকে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। এবং মাটি কাটা শ্রমিকদের ব্যবহূত নৌকাটি ইউপি সদস্য মুকিত মিয়ার জিম্মায় দেওয়া হয়েছে।
