চবির আধুনিক ভাষা ইনস্টিটিউটের শিক্ষার্থীদের মানববন্ধন

আপডেট : ০৯ ডিসেম্বর ২০১৮, ২২:১৯

সেশনজট নিরসনের দাবি

চবি সংবাদদাতা

রুটিনমাফিক পরীক্ষা, ফলাফল প্রকাশ এবং অপর্যাপ্ত শ্রেণিকক্ষ সমস্যা সমাধানের দাবিতে মানববন্ধন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আধুনিক ভাষা ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। গতকাল রবিবার দুপুরে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ মানববন্ধন হয়। তাদের দাবি না মানলে ক্লাস পরীক্ষা বর্জনের হুঁশিয়ারি দিয়েছে তারা। জানা যায়, ২০১৩ সালে ২০ জন শিক্ষার্থী নিয়ে চবিতে নতুন বিভাগ হিসেবে যাত্রা শুরু করে ভাষা ও ভাষা বিজ্ঞান বিভাগ। সময়ের পরিক্রমায় বর্তমানে বিভাগে ৬টি ব্যাচে মোট শিক্ষার্থী ২১৮ জন। তবে এখনো পর্যন্ত এই বিভাগ থেকে স্নাতক শেষ করে বের হতে পারে নি কোনো শিক্ষার্থী। ৬ বছরে সেশন জটে জর্জরিত শিক্ষার্থীরা। বর্তমানে গড়ে প্রতি ব্যাচে ১৫ মাসের জট। এই দীর্ঘ জটের কারণ হিসেবে শিক্ষকদের অবহেলাকেই দায়ী করছে শিক্ষার্থীরা। মানব বন্ধনে শিক্ষার্থীরা বলেন, আমাদের বিভাগে মোট ৬টি ব্যাচে শুধু ২টি শ্রেণিকক্ষ দিয়ে ক্লাস করতে হয়। যার কারণে আমাদের ক্লাস করা নিয়ে চরম সমস্যার সম্মুখীন হতে হয়।