রামপুরা থেকে অপহরণের এক মাস পর মা ও শিশু উদ্ধার

আপডেট : ০৯ ডিসেম্বর ২০১৮, ২২:২০

ইত্তেফাক রিপোর্ট

রাজধানীর রামপুরা থেকে অপহূত এক গৃহবধূ ও তার দুই বছর বয়সী ছেলেকে অপহরণের এক মাস পর উদ্ধার করেছে পুলিশ। ওই গৃহবধূর নাম রেহেনা খাতুন। গত শুক্রবার দুপুরে যাত্রাবাড়ীর কাজলা এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়। এর আগে চাঁদপুরে অভিযান চালিয়ে অপহরণকারী ফারুক শেখকে গ্রেফতার করে পুলিশ।

রামপুরা থানা পুলিশ জানায়, গত ৮ নভেম্বর পূর্ব রামপুরার হাইস্কুল গলির বাসা থেকে রেহেনা ও তার সন্তানকে অপহরণ করেন ফারুক শেখ ও তার সহযোগীরা। পরে স্বজনদের কাছে ফোন করে ১০ লাখ টাকা মুক্তিপণ চাওয়া হয়। অনেক চেষ্টা করেও তখন অপহূতদের সন্ধান জানা যায়নি। এ ঘটনায় গত ৫ ডিসেম্বর রামপুরা থানায় মামলা দায়ের করা হয়। এরপর মামলার তদন্ত কর্মকর্তা এসআই তৌহিদুল ইসলাম মোবাইল ফোন ট্রাকিং প্রযুক্তির সহায়তায় অপহরণকারীর অবস্থান শনাক্ত করেন। পরে গত শুক্রবার ভোরে চাঁদপুর পুলিশের সহায়তায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ফারুক শেখের দেওয়া তথ্যের ভিত্তিতে যাত্রাবাড়ীর কাজলা এলাকার একটি বাসা থেকে রেহেনা ও তার সন্তানকে উদ্ধার করে পুলিশ।