সাঁথিয়ায় ব্রিজের দু’পাশে কাদামাটি চরম ভোগান্তিতে জনসাধারণ

আপডেট : ০৯ ডিসেম্বর ২০১৮, ২২:৩৬

সাঁথিয়া (পাবনা) সংবাদদাতা

পাবনার মাধপুর-বেড়া স্থানীয় মহাসড়কের সাঁথিয়া সদরে বোয়ালমারী গোরস্থানের নিকট সদ্য নির্মিত ব্রিজের ব্যাক সিলিং-এ খোয়া ও বালির পরিবর্তে কাদা-মাটি দেওয়ায় পণ্যবাহী ট্রাক দেবে গিয়ে যান চলাচল ব্যাহত। দীর্ঘ লাইন ধরে যানজটের সৃষ্টি হয়েছে।

জানা গেছে, পাবনা সড়ক ও জনপথের আওতায় সাঁথিয়া-বেড়া স্থানীয় মহাসড়কে বোয়ালমারী গোরস্থানের নিকট একটি ব্রিজ করার কাজ ইউনুস এন্ড ব্রাদার্স নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে দেওয়া হয়। ঠিকাদারী প্রতিষ্ঠানটি কোনোমতে ব্রিজের কাজ শেষ করলেও ব্রিজের দু’পাশে ব্যাক সিলিং-এ খোয়া ও বালির পরিবর্তে কাদামাটি দেওয়ায় রবিবার সকালে সেখানে একটি পণ্যবাহী ট্রাক দেবে যায়। ফলে ওই সড়ক দিয়ে কোনো যানবাহন চলতে পারছে না। এতে সড়কের দু’পাশে দীর্ঘ যানজট তৈরি হয়েছে। ফলে এলাকার জনসাধারণ চরম ভোগান্তিতে পড়েছে। এতে বেশি ভোগান্তিতে পড়েছে স্কুল-কলেজ ও অফিসগামীরা। তারা সঠিক সময়ে তাদের গন্তব্যে পৌঁছাতে পারছে না। পূর্বেও  ব্রিজটির কাজের শুরুতে ওখানে নিম্নমানের সামগ্রী দিয়ে একটি বেইলি ব্রিজ করায় পরেরদিনই তার অবকাঠামো ভেঙে পড়ে। এতেও দীর্ঘদিন যান চলাচল ব্যাহত হয়।

এ ছাড়াও নির্মাণাধীন ব্রিজের কাজের সময় বিকল্প রাস্তাটি ঠিকমতো না করায় যানবাহন উল্টে গিয়ে হতাহতের ঘটনাও ঘটে বলে জানা যায়।

এ বিষয়ে জানতে চাইলে পাবনা সড়ক ও জনপথ অফিসের নির্বাহী প্রকৌশলী সমীরণ রায় বলেন, ব্যাক সিলিং-এ খোয়া ও বালি দেওয়ার কথা থাকলেও কেন দেওয়া হয়নি। বিষয়টা আমি দেখছি।