ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামকে সভাপতি ও বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজামকে সাধারণ সম্পাদক করে ‘সম্পাদক পরিষদ’-এর নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটির সহসভাপতি হয়েছেন দৈনিক ইত্তেফাক সম্পাদক তাসমিমা হোসেন। রবিবার রাজধানীর কাওরান বাজারে ডেইলি স্টার ভবনে অনুষ্ঠিত বৈঠকে নতুন এ নির্বাহী কমিটি গঠন করা হয়। গতকাল সোমবার পরিষদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
দুই বছরের জন্য গঠিত এ কমিটি দায়িত্ব নেবে আগামী ১ অক্টোবর এবং মেয়াদ শেষ হবে ২০২১ সালের ৩০ সেপ্টেম্বর। নতুন কমিটিতে সহকারী সাধারণ সম্পাদক হিসেবে আছেন বণিক বার্তা সম্পাদক ও প্রকাশক দেওয়ান হানিফ মাহমুদ এবং কোষাধ্যক্ষ হয়েছেন সমকালের ভারপ্রাপ্ত সম্পাদক মুস্তাফিজ শফি।
কমিটিতে নির্বাহী সদস্য হিসেবে আছেন ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত, মানবজমিন সম্পাদক মতিউর রহমান চৌধুরী, যুগান্তরের ভারপ্রাপ্ত সম্পাদক সাইফুল আলম ও দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক।
উল্লেখ্য, সংবাদপত্রের স্বাধীনতা ও মত প্রকাশের অধিকার সুরক্ষায় সক্রিয় ভূমিকা পালন, সাংবাদিকতার পেশাগত মানোন্নয়ন ও সম্পাদকীয় প্রতিষ্ঠান শক্তিশালী করার লক্ষ্যে ২০১৩ সালে ‘সম্পাদক পরিষদ’ প্রতিষ্ঠা করা হয়। পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন সমকালের প্রয়াত সম্পাদক গোলাম সারওয়ার।
