কলকাতা বিমানবন্দরে মৌমাছির হানায় থমকে গেল বিমান

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৯, ২৩:৪২

কলকাতা বিমানবন্দরে গত রবিবার মৌমাছির হানায় থমকে গেল বিমান। ছাড়ল ঘণ্টা তিনেক দেরিতে। এ ঘটনায় আটকে পড়লেন বাংলাদেশের তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

জানা গেছে, রবিবার স্থানীয় সময় সকাল ৯টা ৫০ মিনিটে এয়ার ইন্ডিয়ার বিমানটি ছাড়ার কথা ছিল। গন্তব্য আগরতলা। বিমানে আগরতলা যাচ্ছিলেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ ও বাংলাদেশের বেশ কয়েকজন সাংবাদিক। সেটি কিছু দূর গিয়ে দাঁড়িয়ে যায়। পরে জানা যায়, বিমানে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। কিছুক্ষণ পরে যাত্রা শুরু করে আবার থমকে যায়। এভাবে সময় কেটে যেতে থাকায় মন্ত্রী বিরক্ত হন। নেমে যেতে চান। তখন বিমানের দরজা খুলতে গিয়ে দেখা যায় ঝাঁকে ঝাঁকে মৌমাছি উড়ে বেড়াচ্ছে। সঙ্গে সঙ্গে দরজা বন্ধ করে দেওয়া হয়। খবর পেয়ে বিমানবন্দরের দমকলবাহিনী এসে বিমানে পানি ছড়াতে থাকে। ঘণ্টা তিনেক পর বিমানটি আগরতলার উদ্দেশে রওনা দেয়। জানা গেছে, মৌমাছির ঝাঁক ককপিটের সামনে চলে আসায় সমস্যা তৈরি হয়েছিল। ইঞ্জিনে ঢুকে গেলে বড়ো বিপদ হতে পারত। তাই বিমান থামিয়ে দেওয়া হয়েছিল।