জঞ্জালমুক্ত বাংলাদেশ চাই : শামীম ওসমান

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৯, ০০:০৫

ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ আসনের সংসদ সদস্য আলহাজ এ কে এম শামীম ওসমান বলেছেন, যদি কারো ওপর মা-বাবার দোয়া থাকে তাহলে কেউ তাকে আটকে রাখতে পারবে না। তাই মা-বাবাকে কষ্ট দিও না। দেশকে ভালোবাসতে হবে আর থাকতে হবে দেশপ্রেম। খেলাধুলায় মনোনিবেশ করলে মাদক থেকে দূরে থাকা যায়। তিনি বলেন, আমরা ময়লা ও জঞ্জালমুক্ত বাংলাদেশ চাই।

রবিবার বিকালে নারায়ণগঞ্জ সদর উপজেলার ওসমানী পৌর স্টেডিয়ামে জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা-ক্রীড়া সমিতি নারায়ণগঞ্জ জেলার ৪৮তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পাশে গাড়ি ভর্তি করে সেখানে ময়লা ফেলা হচ্ছে। দুর্গন্ধে সেখান দিয়ে হাঁটা যায় না। পথচারীরা নাক-মুখে রুমাল দিয়ে সে পথ দিয়ে চলাচল করছে। আমি পার্লামেন্টে এ বিষয়ে পরিবেশমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছিলাম। কিন্তু বর্তমানে সেখানে দ্বিগুণ গতিতে ময়লা ফেলা হচ্ছে। অথচ পরিষ্কার পরিচ্ছন্নতা হলো মুসলমানদের ইমানের অঙ্গ। ছাত্র-ছাত্রীদের উদ্দেশে তিনি বলেন, তোমাদের যা কিছুর প্রয়োজন, শিক্ষকদের জানাবে। না হলে জেলা প্রশাসককে জানাবে। প্রয়োজনে আমাকে জানাবে। আমরা একটি সুন্দর বাংলাদেশ চাই। যে বাংলাদেশ বিশ্বের মানচিত্রে মাথা উঁচু করে দাঁড়াবে। আমরা যাতে গর্বের সঙ্গে বলতে পারি শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সারা পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, কারো পায়ের ওপর ভর করে নয়।

আরিফ মিহিরের সঞ্চালনায় ও নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি রেহানা আক্তার। পরে বিজয়ী দলের খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি।