গৌরীপুর (ময়মনসিংহ) সংবাদদাতা
একাদশ সংসদ নির্বাচনে, ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে বিএনপির চূড়ান্ত প্রার্থীর তালিকায় আহাম্মদ তায়েবুর রহমান হিরণের নাম বাদ দিয়ে প্রকৌশলী এম ইকবাল হোসাইনকে মনোনয়ন দেয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে হিরণ সমর্থকরা। শনিবার গৌরীপুর পৌর শহরের উত্তরবাজার এলাকায় এই কর্মসূচি পালিত হয়।
দলীয় সূত্রে জানা গেছে, ময়মনসিংহ-৩ আসনে বিএনপির তিনজন প্রার্থীকে মনোনয়নের চিঠি দেয়া হয়। তারা হলেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান আহাম্মদ তায়েবুর রহমান হিরণ, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর সিনিয়র সহ-সভপতি ডা. আব্দুস সেলিম, বিএনপির নির্বাহী কমিটির সদস্য প্রকৌশলী এম. ইকবাল হোসাইন। শুক্রবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২০৬ আসনে বিএনপি চূড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা করেন। ওই তালিকায় ময়মনসিংহ-৩ আসনে বিএনপির প্রার্থী আহাম্মদ তায়েবুর রহমান হিরণের নাম ঘোষণা করা হয়। রাতে এই খবর ছড়িয়ে পড়লে ক্ষোভে ফেটে পড়ে হিরণ সমর্থকরা। মনোনয়ন বাতিলের প্রতিবাদ ও হিরণকে বিএনপি প্রার্থী করার দাবিতে শনিবার পৌর শহরের উত্তরবাজারে বিক্ষোভ মিছিল করে মানববন্ধন করে এক পর্যায়ে বিক্ষুব্ধ নেতাকর্মীরা সড়কের উপর শুয়ে পড়ে বিক্ষোভ করেন।
আহাম্মদ তায়েবুর রহমান হিরণ বলেন, আমার মনোনয়ন বাতিল করে ইকবাল হোসেনকে মনোনয়ন দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক হতাশা বিরাজ করছে। বিএনপির নির্বাহী কমিটির সদস্য প্রকৌশলী এম ইকবাল হোসাইন বলেন, বিএনপির মনোনয়ন পেয়েছি। আমি এখন পার্টি অফিসে আছি। এ বিষয়ে পরে বিস্তারিত বলবো।
