হঠাৎ দেখা, মোদির স্ত্রীকে শাড়ি উপহার দিলেন মমতা

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৯, ১৯:৫২

আগামী বুধবার মোদি-মমতার বহু প্রতীক্ষিত বৈঠক। প্রায় দেড় বছর পর মুখোমুখি হবেন দুই শীর্ষ নেতা। যা নিয়ে দিল্লিতে ইতিমধ্যেই তোড়জোড় শুরু হয়ে গেছে। কিন্তু, তার আগেই কলকাতা বিমানবন্দরে ঘটে গেল অভিনব ঘটনা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্ত্রী যশোদাবেনের সঙ্গে হঠাৎ দেখা হয়ে গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের। একে অপরকে জানালেন অভ্যর্থনা।

মমতা বন্দ্যোপাধ্যায় বরাবরই সৌজন্যের রাজনীতিতে বিশ্বাসী। এদিনও প্রধানমন্ত্রীর স্ত্রীকে সৌজন্য দেখালেন মমতা বন্দ্যোপাধ্যায়। এগিয়ে গিয়ে যশোদাবেনের সঙ্গে কথা বললেন তিনি। হাসিমুখেই একে অপরের সঙ্গে আলাপ করতে দেখা গেলো। সেই দৃশ্য ক্যামেরাবন্দিও হয়েছে। শুধু আলাপ করাই নয়, সৌজন্য বিনিময়ের পর বিমানবন্দরে বিশ্ব বাংলার যে বিপণী রয়েছে সেখান থেকেই শাড়ি কিনে যশোদাবেনকে উপহার দিয়েছেন মমতা।

আরো পড়ুন: এক বছরের শিশুসহ নির্দোষ মাকে গ্রেফতার

মুখ্যমন্ত্রীর এই সৌজন্যে অভিভূত নরেন্দ্র মোদির স্ত্রী। মমতার সৌজন্য অবশ্য নতুন কিছু নয়। রাজনৈতিক বিরোধিতা সত্ত্বেও প্রতিবছর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে মিষ্টি এবং কোর্তা উপহার দেন মমতা।

মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন। তার আগে সোমবার স্বামীর মঙ্গল কামনায় পূজা দিতে রাজ্যে আসেন যশোদাবেন। সোমবার বেলা ১২ টা ৪৫ মিনিট নাগাদ তিনি কল্যানেশ্বরী মন্দিরে পূজা দেন।

ইত্তেফাক/বিএএফ