হাজীগঞ্জ (চাঁদপুর) সংবাদদাতা
হাজীগঞ্জের রেললাইনের পাশ থেকে নিখোঁজ ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে জিআরপি পুলিশ। রবিবার সকালে চাঁদপুর জিআরপি পুলিশের এএসআই রাশেদ এ লাশ উদ্ধার করে। নিখোঁজ ব্যবসায়ী হলেন- হাজীগঞ্জ বাজারের বিশিষ্ট চাল ব্যবসায়ী আলহাজ আবদুল মতিনের ছোট ছেলে এরশাদউল্যাহ কাঞ্চন (৩৮)। নিখোঁজ ব্যবসায়ী এরশাদউল্যাহর বড়ভাই আতিকউল্যাহ ডিলার বলেন, শুক্রবার সকাল ৯টার সময় ব্যবসায়িক তাগাদার জন্য কাঞ্চন দোকান থেকে বের হয়ে যায়। এরপর আর তার খোঁজ মেলেনি। সম্ভাব্য বিভিন্ন স্থানে সন্ধান করেও তার কোনো খবর পাওয়া যায়নি।
রবিবার সকালে লোকজন প্রাতঃভ্রমণে বের হলে চাঁদপুর-লাকসাম রেল লাইনের হাজীগঞ্জ স্টেশনের পশ্চিমপাশে ব্রিজের পূর্বপাশে একটি মৃতদেহ দেখে স্থানীয়রা কাঞ্চন বলে সনাক্ত করে আমাদের ফোন করে। তিনি আরো জানান, আমার ভাইয়ের সাথে কারো শত্রুতা নেই। ঠিক কি কারণে তাকে হত্যা করে লাশ এখানে ফেলে দেয়া হয়েছে তাও বুঝতে পারছি না। চাঁদপুর জিআরপি থানার অফিসার ইনচার্জ সরোয়ার আলম জানান, হাজীগঞ্জ রেল লাইনের পশ্চিম পাশে একটি মৃতদেহ পড়ে রয়েছে খবর শুনে সেখানে এএসআই রাশেদকে প্রেরণ করা হয়েছে। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতালে প্রেরণ করা হবে।
