বরিশাল অফিস
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ (অনূর্ধ্ব-১৭) ফুটবলের জেলা পর্যায়ের খেলাগুলো গতকাল মঙ্গলবার থেকে শহীদ আব্দুর রব সেরনিয়াবাত আউটার স্টেডিয়ামে শুরু হয়েছে। ছয় দিনের এই প্রতিযোগিতায় জেলার ১০টি উপজেলা বরিশাল সদর, মেহেন্দিগঞ্জ, উজিরপুর, বাকেরগঞ্জ, গৌরনদী, বানারীপাড়া, আগৈলঝাড়া, বাকেরগঞ্জ, মুলাদী ও হিজলা থেকে কিশোর ও কিশোরী খেলোয়াড়ের দল অংশ নিচ্ছে।
প্রথম দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবলের (বালক অনূর্ধ্ব-১৭) খেলায় বাকেরগঞ্জ টাইব্রেকারে ৪-২ গোলে বাবুগঞ্জকে ও মেহেন্দিগঞ্জ ১-০ গোলে আগৈলঝাড়াকে হারায়।
অপর দিকে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ফুটবলের (বালিকা অনূর্ধ্ব-১৭) খেলায় মেহেন্দিগঞ্জ ১-০ গোলে আগৈলঝাড়াকে ও বাকেরগঞ্জ ৩-০ গোলে বাবুগঞ্জকে পরাজিত করে।
এদিন সকালে টুর্নামেন্টের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বরিশাল বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মুহাম্মদ ইয়ামিন চৌধুরী। জেলা প্রশাসক এস এম অজিয়র রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বরিশাল রেঞ্জের ডি আই জি মো. শফিকুল ইসলাম, মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান, বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ ইউনুস, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শহীদুল ইসলাম প্রমুখ।
রাঙ্গামাটি
এদিকে রাঙ্গামাটি প্রতিনিধি জানিয়েছেন স্থানীয় মারী স্টেডিয়ামে উত্সবমুখর পরিবেশে গতকাল থেকে শুরু হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবলের রাঙ্গামাটির জেলা পর্যায়ের প্রতিযোগিতা।
শেরপুর
আমাদের প্রতিনিধি জানান, সেখানে গত রবিবার থেকে এই প্রতিযোগিতা শুরু হয়েছে। শেরপুরে শহীদ দারোগ আলী পৌরপার্ক মাঠে এর উদ্বোধন করেন জেলা প্রশাসক আনার কলি মাহবুব। উদ্বোধনী দিনে অনুষ্ঠিত বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ফুটবলে নালিতাবাড়ী উপজেলা দল টাইব্রেকারে ২-১ গোলে ঝিনাইগাতী উপজেলা দলকে হারায়। অপরদিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবলে ঝিনাইগাতী উপজেলা দল টাইব্রেকারে ৩-২ গোলে নালিতাবাড়ী উপজেলা দলের বিরুদ্ধে জয়ী হয়।
কুমিল্লা
আমাদের প্রতিনিধি জানান, স্থানীয় শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে গত সোমবার বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবলের জেলা পর্যায়ের খেলাগুলোর উদ্বোধন করেন কুমিল্লা জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি মিসেস মনিরা নাজনীন। উদ্বোধন শেষে অনুষ্ঠিত খেলাগুলোয় আদর্শ সদর উপজেলা ৭-০ গোলে সদর দক্ষিণ উপজেলাকে, চৌদ্দগ্রাম উপজেলা টাইব্রেকারে ৪-৩ গোলে মনোহরগঞ্জ উপজেলাকে, মেঘনা উপজেলা টাইব্রেকারে ৫-৬ গোলে ব্রাহ্মণপাড়া উপজেলাকে এবং বুড়িচং উপজেলা ২-০ গোলে মুরাদনগর উপজেলাকে পরাজিত করে।
