আশা ছাড়ছে না জিম্বাবুয়ে

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৯, ২০:৫৯

স্পোর্টস রিপোর্টার, চট্টগ্রাম থেকে

ত্রিদেশীয় সিরিজের পয়েন্ট তালিকার তলানীতে জিম্বাবুয়ের অবস্থান। এই সিরিজে এখনো জয়শূন্য হ্যামিল্টন মাসাকাদজার দল। টানা দুই হারেও অবশ্য ত্রিদেশীয় সিরিজের ফাইনালে খেলার সম্ভাবনা অটুট রয়েছে জিম্বাবুয়ের। তবে সে জন্য তাদেরকে জিততে হবে শেষ দুটি ম্যাচই। অর্থাত্ একটি ম্যাচে পা হড়কালেই সিরিজ থেকে ছিটকে পড়বে জিম্বাবুয়ে।

দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার মতো অবস্থা মাসাকাদজা বাহিনীর। তারপরও আশা হারাচ্ছে না দলটি। গতকাল চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলনের পর শন উইলিয়ামস বলেছেন, বাকি দুই ম্যাচে নিজেদের করণীয় সম্পর্কে অবগত তারা। দুটি ম্যাচই জয়ের আশা করছেন জিম্বাবুয়ের এই অলরাউন্ডার।

সিরিজে টিকে থাকার মিশনে সাগরিকায় আজ নিজেদের তৃতীয় ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে মাঠে নামবে জিম্বাবুয়ে। ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়। চট্টগ্রামে প্রথম টি-২০ ম্যাচ খেলতে নামবে জিম্বাবুয়ে। এর আগে চট্টগ্রামে কোনো টি-২০ ম্যাচ খেলেনি দলটি। এক রকম নতুন শুরুর দ্বারেই দাঁড়িয়ে তারা।

শেষ দুই ম্যাচে জয়ের সমীকরণ নিয়ে গতকাল শন উইলিয়ামস বলেছেন, ‘অবশ্যই এই ম্যাচ আমাদের জিততেই হবে। আসলে দুটি ম্যাচই আমাদের আবশ্যিক জয়ের ম্যাচ। আমরা যদি মৌলিক দিকগুলো ঠিকঠাক করতে পারি যেমন- ফিল্ডিং, কিছু সূক্ষ্ম ব্যাপার আছে, সেগুলো যদি ঠিকঠাক করতে পারি, দুটি ম্যাচ জয়েরই ভালো সম্ভাবনা আছে আমাদের।’

হারলেও বাংলাদেশ, আফগানিস্তানের বিরুদ্ধে ভালোই লড়েছিল জিম্বাবুয়ে। বিশেষ করে বাংলাদেশকে কাঁপিয়ে দিয়েছিল তারা। রান তাড়া করতে নেমে ৬০ রানে ৬ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। পরে আফিফ হোসেনের হাফ সেঞ্চুরিতে হার এড়াতে সক্ষম হয় বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে আফগানরা ১৯৭ রান করলেও জিম্বাবুয়ে শেষ পর্যন্ত লড়াই করেছে। ৭ উইকেটে ১৬৯ রান তুলেছিল তারা।

প্রতিপক্ষকে দেওয়া এই কঠিন সময়গুলো আত্মবিশ্বাস যোগাচ্ছে জিম্বাবুয়েকে। এখন ম্যাচের পুরোটা সময় আধিপত্য ধরে রাখতে চান শন উইলিয়ামস। গতকাল তিনি বলেছেন, ‘আগের দুটি ম্যাচেই আমরা উভয় দলকে কঠিন সময় দিয়েছি, শেষ ওভার পর্যন্ত টেনে নিয়েছি। সামনে যদি মাঠে সময়মতো ভালো সিদ্ধান্ত আরো নিয়মিতভাবে নিতে পারি, আমাদের এগিয়ে যাওয়ার ভালো সম্ভাবনা আছে।’