নোয়াখালী জেনারেল হাসপাতাল থেকে ছয় দালাল আটক

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৯, ২১:২৫

বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

 নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালী জেনারেল হাসপাতাল থেকে ছয় দালালকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার সকালে ভ্রাম্যমাণ আদালতের বিচারক জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রোকনুজ্জামান খান হাসপাতালে অভিযান চালিয়ে ছয় দালালকে আটক করেন। পরে তাদেরকে ১৫ দিন থেকে ৩ মাসের কারাদণ্ড প্রদান করে কারাগারে প্রেরণ করেন।

আদালত সূত্রে জানা যায়, জেনারেল হাসপাতাল থেকে রোগীদের অন্য হাসপাতালে নেওয়ার জন্য চাপ প্রয়োগ ও বিভিন্নভাবে হয়রানিকালে হাতেনাতে ছয় দালালকে আটক করা হয়। তাদের মধ্যে নোয়াখালী পৌরসভার লক্ষীনারায়ণপুর গ্রামের মো. নুর নবীর ছেলে নুর শেখ রহমান বিজয়কে তিন মাস, পশ্চিম মাইজদী গ্রামের মৃত মো. নুর নবীর ছেলে জহিরুল ইসলাম ফরহাকে তিন মাস, একই গ্রামের মৃত আহম্মদ পাটওয়ারীর ছেলে কামাল উদ্দিন স্বপনকে দুই মাস ও মৃত আবদুর রহিমের ছেলে আবুল কাসেমকে দুই মাস এবং সদর উপজেলার শিবপুর গ্রামের মৃত কামাল উদ্দিনের ছেলে মনোয়ার হোসেনকে ১৫ দিন ও খলিফার হাটের আবুল কাসেমের ছেলে ইমরান হোসেনকে ১৫ দিন কারাদণ্ড প্রদান করা হয়। এ ঘটনার আগে একই অপরাধে নুর শেখ রহমান বিজয় ও জহিরুর ইসলাম ফরহাকে ভ্রাম্যমাণ আদালত এক মাস ১৫ দিন করে কারাদণ্ড প্রদান ও ইমরান হোসেনকে ২০০ টাকা জরিমানা এবং অন্য তিন জনকে সতর্ক করা হয়। তারপরও তারা এ অপরাধ থেকে বিরত হয়নি।