সেনবাগ (নোয়াখালী) সংবাদদাতা
নোয়াখালীর সেনবাগ পৌর শহর ও আশপাশের এলাকায় গতকাল মঙ্গলবার দুপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য তৈরি এবং খাদ্যে ভেজাল মেশানোর অপরাধ ও পাটজাত ব্যাগ ব্যবহার না করে প্লাষ্টিক ব্যাগ ব্যবহার করার হোটেলসহ ছয় প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিনহাজুর রহমান এ অভিযান পরিচালনা করেন।
ইউএনও মোহাম্মদ মিনহাজুর রহমান ঘটনা নিশ্চিত করে গতকাল মঙ্গলবার বিকালে ইত্তেফাককে বলেন, আদালত পরিচালনার সময় উপজেলার উত্তর শাহাপুর এলাকার থ্রি-স্টার বেকারিতে গিয়ে দেখা যায়—অস্বাস্থ্যকর পরিবেশে মানবদেহের জন্য ক্ষতিকর ভেজাল পণ্য তৈরি করা হচ্ছে। ভেজাল খাদ্যদ্রব্য তৈরি করার অপরাধে ১ লাখ টাকা জরিমানা এবং অপর পাঁচটি ব্যবসাপ্রতিষ্ঠানে পাটজাত ব্যাগ ব্যবহার না করে প্লাস্টিক ব্যাগ ব্যবহার করার অপরাধে সর্বমোট ১ লাখ ২৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
