শরণখোলা (বাগেরহাট) সংবাদদাতা
পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের বগী বনাঞ্চল থেকে পাচারের সময় বিরল প্রজাতির একটি তক্ষকসহ দুই চোরাশিকারিকে আটক করেছেন বনরক্ষীরা।
তক্ষকসহ আটক শিকারিদের মঙ্গলবার বাগেরহাট আদালতে চালান দেওয়া হয়েছে।
বগী ফরেস্ট স্টেশন কর্মকর্তা ফরেস্টার মিজানুর রহমান মোল্লা জানান, গোপন সংবাদের ভিত্তিতে বগী স্টেশনের বনরক্ষীরা সোমবার রাত ৯টার দিকে বনের পাজরাফুটা খাল এলাকায় অভিযান চালায়। এ সময় একটি ডিঙ্গি নৌকাসহ দুই শিকারিকে আটক করে। তাদের কাছ থেকে খাচায় বন্দি একটি বিরল প্রজাতির তক্ষক উদ্ধার করা হয়।
আটক শিকারিরা হচ্ছে, বরগুনার পাথরঘাটা উপজেলার চরদুয়ানী গ্রামের খলিল কাজী ও চুন্নু সরদারের ছেলে নাছির সরদার।
শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) জয়নাল আবেদীন জানান, আটক শিকারিদের বিরুদ্ধে বন আইনে মামলা দিয়ে মঙ্গলবার সকালে তাদের বাগেরহাট আদালতে প্রেরণ করা হয়েছে।
