কলমাকান্দায় সড়কের পাশে ড্রেন না থাকায় জলাবদ্ধতা

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৯, ২১:৩০

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার কলমাকান্দা উপজেলা সদরের চাঁনপুর মোড় থেকে সাব-রেজিস্ট্রার কার্যালয় পর্যন্ত প্রায় ১৫০ গজ সড়কে জলাবদ্ধতায় দুর্ভোগের সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টিতেই পানি জমে গিয়ে সমস্যায় পড়েছেন এলাকাবাসী। সড়কের পাশে ড্রেন না থাকায় পানি সরতে পারছে না।

এই সড়ক দিয়ে প্রতিদিন শত শত ইজিবাইক, রিকশা, সিএনজি, বাস-ট্রাকসহ বিভিন্ন যান চলাচল করে। এছাড়া সাধারণ মানুষ হাটবাজার কিংবা বিভিন্ন স্কুলকলেজ, হাসপাতাল, উপজেলা পরিষদ, থানাসহ বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরে যাতায়াত করেন। 

স্থানীয় বাসিন্দারা জানান, স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর (এলজিইডি) ঐ সড়কটি সংস্কার করলেও জলাবদ্ধতা কমেনি। বৃষ্টি হলেই সড়কে পানি জমে থাকে।  ফলে পথচারী ও যান চালকরা দুর্ভোগে পড়েছেন। 

স্থানীয় বাসিন্দা প্রান্ত সাহা বলেন, এ সড়ক দিয়েই তাদের প্রতিদিন বিভিন্ন জায়গায় যাওয়া-আসা করতে হয়। কিন্তু সড়কের দুই পাশে ড্রেন না থাকায় জমে থাকা বৃষ্টির পানি যেতে পারে না।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির হোসেন বলেন, ইতিমধ্যে উপজেলা পরিষদে ১ কিলোমিটার একটি ড্রেন নির্মাণের বরাদ্দ পাওয়া গেছে। সেখান থেকে চাঁনপুর মোড় থেকে সাব-রেজিস্ট্রারের কার্যালয়ের সামনের সড়ক পর্যন্ত যে জলাবদ্ধতা দেখা দিয়েছে তা নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।