বঙ্গবন্ধুকে নিয়ে বিশ্বব্যাপী হবে আন্তর্জাতিক সম্মেলন

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৯, ২১:৩৩

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসামান্য আদর্শ কেবল দেশেই নয়, বিদেশিদের কাছেও সমানভাবে সমাদৃত। কিউবার প্রেসিডেন্ট প্রখ্যাত নেতা ফিদেল কাস্ট্রোর কাছে বঙ্গবন্ধু হিমালয়ের মতো সুউচ্চ আদর্শের এক অনন্য নাম। বিদেশি অনেকেই বঙ্গবন্ধুর সংস্পর্শে আসার স্মৃতিচারণে আগ্রহী। দেশে-বিদেশে বঙ্গবন্ধুকে নিয়ে না বলা কথা, আলোচনা উঠে আসবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপন উপলক্ষ্যে অনুষ্ঠিতব্য বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলনে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপনের অংশ হিসেবে দেশে-বিদেশে বঙ্গবন্ধুকে নিয়ে আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠানের প্রসঙ্গে এ কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম এমপি।

অনুষ্ঠিতব্য সম্মেলনের প্রস্তুতি বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সভাপতিত্বে আন্তর্জাতিক মিডিয়া ও প্রচারসংক্রান্ত কার্য নির্বাহী কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল। উক্ত সভায় বিশেষ অতিথি ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপন জাতীয় বাস্তবায়ন কমিটির সভাপতি জাতীয় অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম।—প্রেস বিজ্ঞপ্তি