ইসির সিনিয়র সচিবকে অভিনন্দন সিইসির

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৯, ২১:৩৩

ইত্তেফাক রিপোর্ট

প্রথমবারের মতো নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ে সিনিয়র সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন সাংবিধানিক প্রতিষ্ঠানটির সচিব মো. আলমগীর। ইসি সচিবালয়ে সিনিয়র সচিব হিসেবে দায়িত্ব পাওয়ায় তাকে শুভেচ্ছা জানালো নির্বাচন কমিশন। মঙ্গলবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা তার দপ্তরে মো. আলমগীরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় অভিনন্দন জ্ঞাপন অনুষ্ঠানে সিইসি বলেন, নির্বাচন কমিশন সচিবালয়ের জন্য প্রথমবারের মতো সরকারের একজন সিনিয়র সচিব পাওয়া নিঃসন্দেহে একটি বড়ো অর্জন। সততা, আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করলে মানুষ যে তার ফল পায় তার বড়ো উদাহরণ হলো মো. আলমগীর। এ সময় নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল শাহাদাত হোসেন চৌধুরী (অব.), ইসির অতিরিক্ত সচিব মো. মোখলেসুর রহমান এবং নির্বাচন কমিশন সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।