প্রধানমন্ত্রীকে ধন্যবাদ সংবাদপত্র কর্মচারী ফেডারেশন ও ফেডারেল ইউনিয়ন অব নিউজপেপার প্রেস ওয়ার্কার্সের

নবম ওয়েজ বোর্ড রোয়েদাদের গেজেট সংশোধন দাবি

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৯, ২১:৪৩

বাংলাদেশ সংবাদপত্র কর্মচারী ফেডারেশন ও বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অব নিউজপেপার প্রেস ওয়ার্কার্সের কার্যনির্বাহী পরিষদের যৌথ সভায় সংবাদকর্মীদের জন্য নবম ওয়েজ বোর্ড রোয়েদাদ ঘোষণা করায় প্রধানমন্ত্রী, তথ্যমন্ত্রী ও নবম ওয়েজ বোর্ড সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সব সদস্যকে ধন্যবাদ জানানো হয়েছে। সোমবার সংগঠন দুইটির উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সংবাদপত্র কর্মচারী ফেডারেশনের সভাপতি মতিউর রহমান তালুকদার। সভা পরিচালনা করেন বাংলাদেশ ফেডারেল অব নিউজপেপার প্রেস ওয়ার্কার্সের সভাপতি আলমগীর হোসেন খান।

সভায় নবম ওয়েজ বোর্ডের দ্বাদশ অধ্যায়ে অসংগতিপূর্ণ দুইটি সুপারিশ সংযোজিত হওয়ায়  ক্ষোভ প্রকাশ করা হয়। বলা হয়,  সংবাদপত্রসেবীরা তৃতীয় ওয়েজ বোর্ড থেকেই  আয়কর ও গ্র্যাচ্যুইটির প্রচলিত সুবিধা ভোগ করছেন। নবম ওয়েজ বোর্ড কমিটিও তা যথারীতি বহাল রাখে। অথচ মন্ত্রিসভা কমিটি একতরফাভাবে ব্যত্যয় ঘটিয়ে আয়করের বোঝা সাংবাদিক-শ্রমিক-কর্মচারীদের ওপর চাপিয়ে এবং প্রতি এক বছরের জন্য দুই মাসের মূলবেতনের সমপরিমাণ গ্র্যাচ্যুইটির বদলে এক মাসের মূলবেতন সুপারিশ সংযোজন করে গেজেট প্রকাশ করা সমীচীন হয়নি বলে সভায় একমত পোষণ করা হয়। সভা মনে করে, সংবাদপত্র শিল্পের সাংবাদিক-শ্রমিক-কর্মচারীদের দীর্ঘ দিনের প্রাপ্ত প্রচলিত সুবিধা খর্ব করে নবম ওয়েজ বোর্ডে সংযোজিত আয়কর ও গ্র্যাচ্যুইটি সংক্রান্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচরে না এনেই সম্ভবত গেজেটটি প্রকাশ করা হয়েছে। উপরন্তু স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত ও করপোরেশনসমূহে দুইটি করে গ্র্যাচ্যুইটির সুবিধা প্রচলিত আছে।

নবম ওয়েজ বোর্ডের মন্ত্রিসভা কমিটি কর্তৃক প্রচলিত সুবিধা কর্তন করে সংযোজিত আয়কর ও গ্র্যাচ্যুইটি ধারা সংশোধন করে সংশোধিত গেজেটের অতিরিক্ত সংখ্যা প্রকাশ করার জন্য প্রধানমন্ত্রীর নিকট জোর দাবি জানিয়েছেন সংগঠন দুইটির নেতৃবৃন্দ। এছাড়া সাংবাদিক ও শ্রমিক-কর্মচারীদের জন্য প্রযোজ্য ৩ নম্বর গ্রেডে মূল বেতনের ক্ষেত্রে বৈষম্য সংশোধনের জন্য জোর দাবি জানানো হয়। সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ সংবাদপত্র কর্মচারী ফেডারেশনের মহাসচিব মো. খায়রুল ইসলাম, প্রেস ফেডারেশনের মহাসচিব কামাল উদ্দিন, বজলুর রহমান মিলন, মোহাম্মদ আলী খান অপু, তাজাম্মেল হক, সেকেন্দার আলী, মো. ইউসুব, আবু কাওছার, শামীম চৌধুরী ও মোশতাক আহমেদ প্রমুখ। —প্রেস বিজ্ঞপ্তি