কমলগঞ্জ (মৌলভীবাজার) সংবাদদাতা
কমলগঞ্জ উপজেলার ধর্মপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি কাম নৈশ প্রহরীর বিরুদ্ধে ঐ স্কুলের ৫ম শ্রেণির এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় আটক দপ্তরি অজিত দেবনাথকে গতকাল মঙ্গলবার মৌলভীবাজার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়। এছাড়া ঐ দপ্তরিকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। তবে অভিযুক্তের বাবা ছাত্রী হয়রানির বিষয়টি ষড়যন্ত্র বলে দাবি করেছেন।
জানা যায়, ধর্মপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি কাম প্রহরী অজিত দেবনাথ গত শনিবার সকালে পঞ্চম শ্রেণির ঐ ছাত্রীকে ঝাড়ু দেয়ার কথা বলে শিশু শ্রেণির রুমে নিয়ে শ্লীলতাহানির চেষ্টা করে। টানা-হেঁচড়ার একপর্যায়ে ছাত্রীটি দৌড়ে পালিয়ে গিয়ে ঘটনাটি তার মাকে জানালে তিনি তত্ক্ষণাত্ বিষয়টি স্কুল কর্তৃপক্ষকে অবগত করলেও এর সুবিচার পাননি। পরে রবিবার রাতে ছাত্রীর বাবা বাদী হয়ে কমলগঞ্জ থানায় একটি লিখিত এজাহার দায়ের করেন। সোমবার ভোরে পুলিশ অজিত দেবনাথকে আটক করে।
