রংপুর-৩ উপনির্বাচন

প্রতীক পেয়েই প্রচারণায় প্রার্থীরা

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৯, ২২:১১

রংপুর-৩ (সদর) আসনের উপ-নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হয়েছে। রিটার্নিং অফিসার ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা জি এম শাহাতাব উদ্দিন গতকাল মঙ্গলবার সকালে আনুষ্ঠানিকভাবে প্রতীক বরাদ্দ করেন। এদিকে প্রতীক পেয়েই প্রচারণায় নেমেছেন প্রার্থীরা। নগরীর বিভিন্ন এলাকায় পোস্টার, লিফলেট বিতরণ, মাইকিং ও গণসংযোগ শুরু করেছেন পুরোদমে।

বিএনপি প্রার্থী রিটা রহমান নিজেই উপস্থিত থেকে দলীয় প্রতীক ধানের শীষ বুঝে নেন এবং জাতীয় পার্টির বিদ্রোহী প্রার্থী এইচ এম এরশাদের ভাতিজা হোসেন মকবুল শাহারিয়ার আসিফ স্বতন্ত্র প্রার্থী হিসেবে নিজেই মোটরগাড়ি (কার) প্রতীক গ্রহণ করেন। এরপর গণফ্রন্টের প্রার্থী কাজী মো. শহিদুল্লাহ মাছ, খেলাফত মজলিস প্রার্থী তৌহিদুর রহমান মন্ডল দেয়াল ঘড়ি এবং এনএনপি প্রার্থী শফিউল আলম আম প্রতীক গ্রহণ করেন। এছাড়া রিটার্নিং অফিসার জাতীয় পার্টির প্রার্থী সাদ এরশাদকে তাদের দলীয় প্রতীক লাঙ্গল বরাদ্দ দেন।

প্রতীক পেয়ে বিএনপি প্রার্থী রিটা রহমান বলেন, ‘নির্বাচন সুষ্ঠু হওয়ার বিষয়ে আমার এখনো সন্দেহ রয়েছে। কারণ ইভিএম পদ্ধতিতে ভোট নেওয়া হলে ফলাফল উল্টানো যায়।’ তার মনোনয়নপত্র দাখিল ও প্রতীক বরাদ্দের সময় বিএনপির নেতাকর্মীরা কেন সঙ্গে নেই জানতে চাইলে তিনি বলেন, ‘প্রত্যেক দলেই গ্রুপিং আছে, আমাদেরও আছে। তারপরও আশা করছি সব ঠিক হয়ে যাবে।’

স্বতন্ত্র প্রার্থী হোসেন মকবুল শাহারিয়ার প্রতীক নেওয়ার পর বলেন, ‘সাদ এরশাদ বহিরাগত প্রার্থী। তাকে রংপুরের মানুষ কখনো দেখেনি, চেনেও না। ফলে বহিরাগত প্রার্থী লাঙ্গল প্রতীক নিয়ে নির্বাচন করলেও ভোটাররা তাকে প্রত্যাখ্যান করবে। মোটরগাড়ি প্রতীকে আমাকে ভোট দিয়ে জয়ী করবেন তারা।’

এদিকে রিটার্নিং অফিসার প্রতীক বরাদ্দ করার আগে প্রার্থীদের নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে মেনে চলার আহ্বান জানান। অন্যথায় কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ার করে দেন।

উল্লেখ্য, গত সোমবার মহাজোটের কারণে এ উপ-নির্বাচন থেকে সরে দাঁড়ান আওয়ামী লীগ প্রার্থী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করীম রাজু। তফসিল অনুযায়ী, ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করে ৫ অক্টোবর এ আসনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। পাঁচ বারের সংসদ সদস্য হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুর পর গত ১৬ জুলাই এই আসনটি শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ করা হয়।