বিনোদন রিপোর্ট
প্রেক্ষাগৃহ বন্ধের মিছিলের মধ্যেই উদ্বোধন হয় নারায়ণগঞ্জের সীমিত আসনের আধুনিক সিনেমা থিয়েটার ‘সিনেস্কোপ’। ফোর কে সিলভারস্ক্রিনের এই থিয়েটারে রয়েছে ৭.১ ডলবি ডিজিটাল অডিও সিস্টেম, থ্রিডি সিনেমা দেখার ব্যবস্থা। এই সিনেমা থিয়েটার পরিচালনা করবে চলচ্চিত্র নির্মাতা প্রতিষ্ঠান ‘সিনেমাকার’। এবার তাদের উদ্যোগেই শুরু হচ্ছে ‘বাংলাদেশি চলচ্চিত্র উত্সব’।
নারায়ণগঞ্জ শহরের আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তন ভবনের প্রেক্ষাগৃহ ‘সিনেস্কোপ’-এ ২০ আগামীকাল থেকে শুরু হবে এই চলচ্চিত্র উত্সব। দেখানো হবে ১৪টি সিনেমা, উত্সব চলবে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত। শীতাতপ নিয়ন্ত্রিত হলটিতে আসন সংখ্যা ৩৫টি।
উত্সবের আয়োজক সিনেমাকারের প্রতিষ্ঠাতা, স্থপতি ও চলচ্চিত্র নির্মাতা মোহাম্মদ নূরুজ্জামান বলেন, ‘কেবল ব্যবসা নয়, একটি সামাজিক ও সাংস্কৃতিক দায়বদ্ধতার জায়গা থেকেই চালু হয়েছে এই প্রেক্ষাগৃহটি। আমরা চেষ্টা করবো দেশের ভালো কাজগুলো দর্শকদের দেখাতে। এই উত্সব সেই প্রচেষ্টার একটি অংশ। ৭ দিনের এই উত্সবে প্রতিদিন দুটি করে চলচ্চিত্র দেখানো হবে।
প্রতিদিন সকাল ১১টা, দুপুর ২টা, বিকেল ৫টা ও রাত ৮টায় শুরু হবে প্রদর্শনী। ছবি দেখার জন্য টিকেট কাটতে হবে দর্শকদের। আয়োজনের সিনেমাগুলো হলো সুজন সখী, গোলাপি এখন ট্রেনে, অশিক্ষিত, সূর্য দীঘল বাড়ি, পুরস্কার, ছুটির ঘণ্টা, ঘুড্ডি, দীপু নাম্বার টু, মাটির ময়না, স্বপ্ন ডানায়, ডুব সাঁতার, অজ্ঞাতনামা, জালালের গল্প ও মাটির প্রজার দেশে। আগামীকাল বাংলাদেশি চলচ্চিত্র উত্সব উদ্বোধন করবেন চলচ্চিত্র নির্মাতা মসিহউদ্দিন শাকের। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নারায়নগঞ্জের মেয়র সেলিনা হায়াত্ আইভী। মসিহউদ্দিন শাকের পরিচালিত ‘সূর্য দীঘল বাড়ি’ প্রদর্শনের মাধ্যমে পর্দা উঠবে এই উত্সবের।
