স্ট্যান্ডার্ড ব্যাংকের ৫০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ইত্তেফাক রিপোর্ট
মুন্নু জুট স্ট্যাফলার্স ও মুন্নু সিরামিকের শেয়ার কারসাজির বিষয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কে প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। গতকাল বুধবার বিএসইসির ৬৯৭তম সভায় এ নির্দেশ প্রদানের সিদ্ধান্ত অনুমোদন করা হয়েছে। বিএসইসি সূত্রে এ তথ্য জানা যায়। সূত্র মতে, আগামী চৌদ্দ কার্যদিবসের মধ্যে উপরোক্ত বিষয়ে পরিদর্শন কার্যক্রম সম্পাদন করবে এবং এ সময়ের মধ্যে কমিশনে প্রতিবেদন দাখিল করার জন্য ঢাকা স্টক এক্সচেঞ্জকে নির্দেশনা প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এরআগে গত ১২ সেপ্টেম্বর বিএসইসির ৬৯৬তম কমিশন সভায় মুন্নু সিরামিকসকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত স্পট মার্কেটে লেনদেন করার নির্দেশ দেয়। এদিকে ৬৭৯তম কমিশন সভায় স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের ৫০০ কোটি টাকা নন-কনভার্টেবল সাব-অর্ডিনেট বন্ডের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এর মেয়াদ হবে ৭ বছর। শুধু প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী এবং উচ্চ সম্পদধারী ব্যক্তিরাই প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে এই বন্ড ক্রয় করতে পারবেন। উল্লেখ্য, এই বন্ড ইস্যুর মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অর্থ উত্তোলন করে স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড টায়ার ২ ক্যাপিটাল বেজ শক্তিশালী করবে। স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড নন-কনভার্টেবল সাব-অর্ডিনেট বন্ডের প্রতি ইউনিটের অভিহিত মূল্য এক কোটি টাকা। এই বন্ডের এবং মেন্ডেটেড জয়েন্ট অ্যারেঞ্জার এবং ট্রাস্ট্রি হিসাবে কাজ করছে যথাক্রমে সিটি ব্যাংক ক্যাপিটাল রিসোর্সেস লিমিটেড, এসবিএল ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড এবং এমটিবি ক্যাপিটাল লিমিটেড।
