বৈদ্যুতিক পাখা মাথায় পড়ে দুই শিক্ষার্থী আহত

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৯, ২১:১৮

পিরোজপুর অফিস

পিরোজপুরের নাজিরপুরে বিদ্যালয়ের বৈদ্যুতিক পাখা খুলে মাথায় পড়ে দুই শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার সকালে উপজেলার শাঁখারীকাঠী ইউনিয়নের ৪৫ নম্বর দক্ষিণ হোগলাবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। আহত শিক্ষার্থীরা হলো—পঞ্চম শ্রেণির ছাত্রী তাসনিয়া আফরোজা জুঁই ও সুবর্ণা আক্তার। তাসনিয়া স্থানীয় হোগলাবুনিয়া গ্রামের শফিকুল ইসলামের মেয়ে ও সুবর্ণা হাবিবুর রহমানের মেয়ে। গুরুতর আহত ছাত্রীদের নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহত ছাত্রী তাননিয়া আক্তার জানায়, তারা প্রায় ২৫ শিক্ষার্থী গতকাল বুধবার সকালে বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির জসিম উদ্দিন কক্ষে বসে পঞ্চম শ্রেণির সমাপনী পরীক্ষার প্রস্তুতির জন্য কোচিং করছিল। হঠাত্ শ্রেণিকক্ষের একটি চলন্ত বৈদ্যুতিক পাখা ভেঙে তার মাথার ওপর পড়ে। এ সময় তার পাশে থাকা সুবর্ণা আক্তারও গুরুতর আহত হয়।

এ সময় পাঠদানকারী বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিমাংশু মজুমদার জানান, তিনি পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের গণিতের কোচিং ক্লাস নিচ্ছিলেন। এ সময় ঐ কক্ষের একটি বৈদ্যুতিক পাখা ভেঙে দুই শিক্ষার্থী আহত হয়েছে।

উপজেলা শিক্ষা কর্মকর্তা শিকদার মো. আতিকুর রহমান জুয়েল ঘটনার কথা স্বীকার করে জানান, সেখানে দায়িত্বে থাকা সহকারী শিক্ষা কর্মকর্তাকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে।