উলিপুর (কুড়িগ্রাম) সংবাদদাতা
কুড়িগ্রামের উলিপুরে পৃথক অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ পাঁচ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আটককৃতদের জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পৌর শহরের কাচারী বাজার থেকে তৈয়ব আলীকে (৫২) ১৫টি ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়। অপর এক অভিযানে উপজেলার বজরা ইউনিয়নের খামার বজরা বাবুর হাট গ্রামের রাশেদুল ইসলাম (৩৬) ও চিলমারী উপজেলার বেলের ভিটা গ্রামের রিটু মিয়াকে (৪০) আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ২০ পুড়িয়া গাঁজা ও ২টি মোবাইল ফোন সেট উদ্ধার করা হয়। এদিকে পৃথক অভিযান চালিয়ে উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের যমুনা ফকির পাড়া গ্রামের মিলন খন্দকার (৩১) ও একই গ্রামের হুমায়ুন কবিরকে (৩০) মাদক ব্যবসার সাথে জড়িত থাকার অপরাধে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ১২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
উলিপুর থানার অফিসার ইনচার্জ মোয়াজ্জেম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতদের জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।
