শরিকদের ৪২ আসন ছাড়ল আওয়ামী লীগ

আপডেট : ০৯ ডিসেম্বর ২০১৮, ২৩:৫০

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জোট শরিকদের মোট ৪২টি আসন ছাড় দিয়ে আসন সমঝোতা চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। ২৫৮টি আসনে দলীয় প্রার্থী দিয়েছে তারা। মহাজোটের অন্যতম শরিক জাতীয় পার্টিকে (জাপা) ২৬টি আসন দেওয়া হয়েছে। মহাজোটের আরেক শরীক যুক্তফ্রন্ট পেয়েছে ৩টি আসন। ১৪ দলীয় জোট শরিকদের মধ্যে ওয়ার্কার্স পার্টি ৫, জাসদ (ইনু) ৩, জাতীয় পার্টি (জেপি) ২, জাসদ (আম্বিয়া) ১, তরিকত ফেডারেশন ২টি আসন পেয়েছে। চূড়ান্ত মনোনয়নের তালিকাসহ আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা স্বাক্ষরিত দুটি পৃথক চিঠি গতকাল রবিবার নির্বাচন কমিশনে জমা দেওয়া হয়েছে।

সূত্র জানায়, আওয়ামী লীগের ২৫৮ জনসহ মোট ২৭২ জন নৌকা প্রতীকে নির্বাচন করবেন। ১৪ দলীয় জোটগতভাবে পিরোজপুর-২ আসনে নির্বাচন করবেন জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান ও পানি সম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু। তার নির্বাচনী প্রতীক ‘বাইসাইকেল’। ১৪ দলীয় জোট শরিকদের মধ্যে যারা নৌকা প্রতীকে নির্বাচন করবেন তারা হলেন ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সমাজ কল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন (ঢাকা-৮), ফজলে হোসেন বাদশা (রাজশাহী-২), মোস্তফা লুত্ফুল্লাহ (সাতক্ষীরা-১), মো. ইয়াসিন আলী (ঠাকুরগাঁও-৩), টিপু সুলতান (বরিশাল-৩), জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু (কুষ্টিয়া-২), বেগম শিরীন আখতার (ফেনী-১),রেজাউল করিম তানসেন (বগুড়া-৪), বাংলাদেশ তরিকত ফেডারেশনের সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী (চট্টগ্রাম-২), আনোয়ার খান (লক্ষ্মীপুর-১) ও বাংলাদেশ জাসদের (আম্বিয়া) মইন উদ্দীন খান বাদল (চট্টগ্রাম-৮)। মহাজোটের শরিক যুক্তফ্রন্ট পেয়েছে তিনটি আসন। যুক্তফ্রন্টের মেজর (অব.) এমএ মান্নান (লক্ষ্মীপুর-৪), মাহী বি চৌধুরী (মুন্সীগঞ্জ-১) ও এফএম শাহীন (মৌলভীবাজার-২)। তারাও নৌকা প্রতীকে নির্বাচন করবেন। আওয়ামী লীগের সঙ্গে জোটগতভাবে নির্বাচনে যাওয়া জাতীয় পার্টির (জাপা) জন্য ২৬টি আসন ফাঁকা রেখেছে ক্ষমতাসীন দলটি। তবে জাতীয় পার্টির (জাপা) মহাসচিব মশিউর রহমান রাঙ্গা বলেছেন, মহাজোটের শরিক হিসেবে তাদের ২৯টি আসন ছাড়া হয়েছে।