২৯ আসনে জোটগত একক প্রার্থী পাওয়ার দাবি জাপার

আপডেট : ০৯ ডিসেম্বর ২০১৮, ২৩:৫১

শামছুদ্দীন আহমেদ

গত প্রায় এক মাস ধরে প্রকাশ্যে-অপ্রকাশ্যে দ্বি-পক্ষীয় বৈঠক ও দরকষাকষির পর ক্ষমতাসীন আওয়ামী লীগের কাছ থেকে জোটগতভাবে ২৯টি আসনে ছাড় পেয়েছে বলে দাবি করেছে জাতীয় পার্টি (জাপা)। আর দলটির চেয়ারম্যান এইচএম এরশাদের এবং তার স্ত্রী ও সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদের অপর দুটিসহ ১৩২টি আসন উন্মুক্ত থাকছে। এই ১৩২টিতে আওয়ামী লীগের ‘নৌকা’ ও জাপার ‘লাঙ্গল’ প্রতীকের প্রার্থী থাকবেন। মোট এই ১৬১জনের তালিকা গতকাল রবিবার গণমাধ্যমে পাঠিয়েছে জাপা।

জাপা মহাসচিব মশিউর রহমান রাঙ্গা গতকাল ইত্তেফাককে বলেন, ‘মহাজোটগতভাবে আমরা (জাপা) ২৯টি আসনে ছাড় পেয়েছি। এসব আসনে নৌকা থাকবে না, লাঙ্গল প্রতীকে মহাজোটের পক্ষে জাপার একক প্রার্থী থাকবে। আর আওয়ামী লীগের সঙ্গে সমঝোতার ভিত্তিতে ১৩২টি আসন উন্মুক্ত রাখার সিদ্ধান্ত হয়েছে।’

তবে প্রার্থিতা প্রত্যাহারের গতকাল শেষদিনে আওয়ামী লীগ ও জাপা স্ব স্ব দলীয় প্রতীক বরাদ্দের জন্য নির্বাচন কমিশনে যে তালিকা দিয়েছে সেটির সঙ্গে জাপার উপরোক্ত হিসাব বা দাবির মিল নেই। মোট ৩০০টি সংসদীয় আসনের মধ্যে আওয়ামী লীগ দলীয়ভাবে ২৫৮ ও জাপা ছাড়া জোটের অন্য শরিকদের জন্য ১৬টি আসনে ‘নৌকা’ (এরমধ্যে একটিতে বাইসাইকেল) প্রতীক বরাদ্দের তালিকা দিয়েছে ইসিকে। অর্থাত্ মোট ২৭৪ আসনে প্রতীক বরাদ্দদের চিঠি দিয়েছে আওয়ামী লীগ। এই হিসাবে ‘নৌকা’ নেই, এমন আসন রয়েছে মাত্র ২৬টি। এই হিসাব মতে জাপার জন্য আওয়ামী লীগ কার্যত ছাড় দিচ্ছে এই ২৬টি আসন।

জাপা চেয়ারম্যান এইচএম এরশাদ রংপুর-৩ ও ঢাকা-১৭ আসনে নির্বাচন করছেন। তবে রংপুর-৩ আসনে তিনি মহাজোটের একক প্রার্থী হলেও ঢাকা-১৭ উন্মুক্ত। তার স্ত্রী রওশন এরশাদ নিজের ময়মনসিংহ-৪ আসনের পাশাপাশি এবার ময়মনসিংহ-৭ আসনেও প্রতিদ্বন্দ্বিতা করছেন। ময়মনসিংহ-৪ আসনে তিনি মহাজোটের একক প্রার্থী হলেও অন্যটি উন্মুক্ত থাকছে। জাপার প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন বাবলু। মহাজোটের প্রার্থী হিসেবে কোথাও মনোনয়ন না পাওয়ায় তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন না। দলের সদ্য সাবেক মহাসচিব ও জাপা চেয়ারম্যানের নবনিযুক্ত বিশেষ সহকারী এবিএম রুহুল আমিন হাওলাদারের নির্বাচনে অংশ নিতে পারা না পারা এখনও নির্ভর করছে উচ্চ আদালতের ওপর। আর ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে প্রথমে মহাজোটের মনোনয়ন পেয়েছিলেন জাপার ভাইস-চেয়ারম্যান অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূইয়া। তবে গতকাল চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন তার শ্বশুর ও জাপার বর্তমান এমপি জিয়াউল হক মৃধা। এছাড়া বর্তমান দশম সংসদে জাপা দলীয় ৩৪ জন এমপির মধ্যে ১৪ জন মহাজোটের মনোনয়ন পাননি।