আওয়ামী লীগে কেউ দুর্নীতি করলে ব্যবস্থা নিতে বলা আছে :কাদের

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৯, ২১:৪৮

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগে কেউ দুর্নীতি, অনিয়ম করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) বলা আছে। এক্ষেত্রে দুদককে সম্পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে। গতকাল বুধবার ধানমন্ডিস্থ আওয়ামী লীগ               সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে দলের সম্পাদকমণ্ডলীর সভা শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, আওয়ামী লীগে অপকর্ম হয়নি, কেউ করেনি এটা বলি না। দুর্নীতি-অপকর্ম হলে আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নেই। অন্য কোনো দল নেয় না, বিএনপি ব্যবস্থা নেয় না।

ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন। তিনি নিজে বিষয়গুলো দেখছেন। দায়িত্বপ্রাপ্তদের গাইড লাইন দিচ্ছেন। এ বিষয়ে আমি আর কিছু বলতে চাই না। সেতুমন্ত্রী বলেন, আমাদের অনেক এমপির বিরুদ্ধে দুদক ব্যবস্থা নিয়েছে, চার্জশিট পর্যন্ত করা হয়েছে। অনেকে জামিনের জন্য আমাদের কাছে ঘোরাঘুরি করেছেন যেন অ্যাটর্নি জেনারেলকে অনুরোধ করা হয়। কিন্তু আমরা সরাসরি না করে দিয়েছি।

ওবায়দুল কাদের বলেন, বৈঠকে আগামী ২০-২১ ডিসেম্বর আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলন সামনে রেখে ১২টি উপকমিটি গঠন করা হয়েছে। দলীয় সভানেত্রীর অনুমোদন পেলে এই কমিটির তালিকা প্রকাশ করা হবে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ১০ ডিসেম্বরের মধ্যেই মেয়াদোত্তীর্ণ সকল ওয়ার্ড ইউনিয়নসহ জেলা-উপজেলার কমিটি গঠন করা হবে। আর এ লক্ষ্যে চলতি মাসের ২১ সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত দলের আটটি টিম সারাদেশে সাংগঠনিক সফরে যাবেন। তৃণমূলকে জাতীয় সম্মেলনের জন্য প্রস্তুত করবে এসব টিম। ঢাকার দুই সিটিসহ চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচনের তপশিল ঘোষণা ডিসেম্বরে হতে পারে জানান ওবায়দুল কাদের।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সভাপতিত্বে বৈঠকে অন্যদের মধ্যে দলের যুগ্মসাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, খালিদ মাহমুদ চৌধুরী, একে এম এনামুল হক শামীম, ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, মিজবাহ উদ্দিন সিরাজ, সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসিম কুমার উকিল, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুর, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, দপ্তর সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ প্রমুখ উপস্থিত ছিলেন।