ত্রিদেশীয় টি-২০ সিরিজ

জিম্বাবুয়েকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০১৯, ০০:২০

মাসের শুরুতে টেস্টে আফগানিস্তানের বিপক্ষে গ্লানির হার নিয়ে চট্টগ্রাম ছেড়েছিল বাংলাদেশ দল। ফরম্যাট ভিন্ন হলেও এবার চট্টগ্রামে ফিরেই জয়ের দেখা পেল সাকিব আল হাসানের দল। গতকাল জিম্বাবুয়েকে হারিয়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে খেলা নিশ্চিত করেছে বাংলাদেশ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে জিম্বাবুয়েকে ৩৯ রানে পরাজিত করেছে স্বাগতিকরা।

জিম্বাবুয়ের বিপক্ষে জয়ের পর আফগানিস্তানের কাছে হারে কিছুটা ঝুঁকিতে পড়ে গিয়েছিল বাংলাদেশের ফাইনালে খেলার আশা। এই সিরিজে দুইবার জিম্বাবুয়েকে হারিয়ে মুখ রক্ষাও হলো সাকিবদের। টানা তিন পরাজয়ে ত্রিদেশীয় সিরিজ থেকে ছিটকে পড়ল জিম্বাবুয়ে। আগামী ২৪ সেপ্টেম্বর মিরপুরে ফাইনালে লড়বে বাংলাদেশ-আফগানিস্তান। যদিও চলতি মাসে কোনো ফরম্যাটেই আফগানদের টলাতে পারছে না বাংলাদেশ।

গতকাল আগে ব্যাট করে ৭ উইকেটে ১৭৫ রান তুলেছিল বাংলাদেশ। জবাবে ১৩৬ রানে অলআউট হয়ে যায় জিম্বাবুয়ে। হাফ সেঞ্চুরিয়ান মাহমুদউল্লাহ ম্যাচসেরা হন।

রান তাড়া করতে নামা জিম্বাবুয়েকে শুরুতেই চেপে ধরে বাংলাদেশ। ৮ রানে তিন উইকেট হারিয়ে বসে দলটি। সাইফউদ্দিনের করা ইনিংসের পঞ্চম বলে ব্রেন্ডন টেইলর (০) সাকিবের হাতে ক্যাচ দেন। পরের ওভারে সাকিবের বলে বোল্ড হন রেজিস চাকাভা (০)। দুই বছর পর ফিরে প্রথম বলেই শন উইলিয়ামসকে (২) ফেরত পাঠান শফিউল। অধিনায়ক মাসাকাদজা ২৫, মুতুমবোজি ১১ রান করেন।

বোলিংয়ে নজর কেড়েছেন অভিষিক্ত লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লব। ক্যারিয়ারের দ্বিতীয় বলেই মুতুমবোজিকে ফেরান। পরে মাসাকাদজাও এ তরুণের শিকার হন। ৬৭ রানে ৭ উইকেট পড়লেও অষ্টম উইকেটে মুতুমবামি ও জার্ভিস প্রতিরোধ গড়েন। তাদের ৫৮ রানের জুটিতে হারের ব্যবধান কমায় জিম্বাবুয়ে। মুতুমবামি ৩২ বলে ৫৪, জার্ভিস ২৭ রান করেন। শেষ ওভারে জার্ভিসকে টি-২০ ক্যারিয়ারের ৫০তম শিকার বানান মুস্তাফিজ। বাংলাদেশের শফিউল ৩টি, মুস্তাফিজ-বিপ্লব ২টি করে উইকেট পান। 

এর আগে লিটনের আক্রমণাত্মক ব্যাটিংয়ে পাওয়ার প্লে কাজে লাগিয়েছে বাংলাদেশ। পঞ্চম ওভারের পঞ্চম বলে উইকেটে নড়বড়ে থাকা শান্ত (১১) ফিরলে ৪৯ রানে ভাঙে ওপেনিং জুটি।  শটসের পসরায় সাজানো লিটনের ইনিংস থেমে যায় ষষ্ঠ ওভারে। এমপোফুর বলে ফাইন লেগে মাদজিবার দুর্দান্ত ক্যাচে পরিণত হয়ে ফেরার আগে লিটন ২২ বলে ৩৮ রান (৪ চার, ২ ছয়) করেন।

অধিনায়ক সাকিবও (১০) উইকেটে স্থায়ী হননি। ৬৫ রানে তিন উইকেট হারানো বাংলাদেশ লড়াইয়ের পুঁজিটা পায় চতুর্থ উইকেটে মুশফিক-মাহমুদউল্লাহর ৭৮ রানের জুটিতে। ১৭তম ওভারে মুশফিক আউট হন ২৬ বলে ৩২ রান করে। পরে মাহমুদউল্লাহর ব্যাটেই এগিয়েছে বাংলাদেশের স্কোর। প্রায় আড়াই বছর পর টি-২০ তে হাফ সেঞ্চুরি পান তিনি। ৩৭ বলে আসে চতুর্থ হাফ সেঞ্চুরি। শেষ ওভারে পরপর দুই বলে মাহমুদউল্লাহ, মোসাদ্দেক জার্ভিসের ফুল টস বলে ক্যাচ না দিলে বাংলাদেশের রানটা আরো বাড়তে পারত। মাহমুদউল্লাহ ৪১ বলে ৬২ রান (১ চার, ৫ ছয়) করেন। ইনিংসের শেষ বলে ছক্কা মেরে সাইফউদ্দিন অপরাজিত ছিলেন ৬ রানে। জিম্বাবুয়ের জার্ভিস তিনটি, এমপোফু দুটি করে উইকেট নেন।