আড়াইহাজারে খাদ্য অধিদপ্তর পরিচালিত হতদরিদ্রদের জন্য বিনামূল্যে খাদ্যশস্য বিতরণ কর্মসূচির চাল বিক্রির সময় অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগে হাইজাদী ইউনিয়নের ডিলার ইকবাল হোসেনের ডিলারশিপ বাতিলের সুপারিশ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। সেইসঙ্গে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহাগ হোসেন জানান, এই প্রকল্পটির কাজ সোমবার সকাল থেকে চালু হয়েছে। এতে মাথা পিছু ৩০ কেজি চালের মূল্য হিসেবে ৩০০ টাকা নেওয়ার কথা; কিন্তু উক্ত ডিলার ইকবাল হোসেন মাথাপিছু ৩০ কেজি চালের মূল্য ৩২০ টাকা করে নিচ্ছেন। এ সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহাগ হোসেন সিংহদী বাজারে যান এবং ঘটনার সত্যতা পান। সঙ্গে সঙ্গে তিনি ইকবাল হোসেনের ডিলারশিপ বাতিলের সুপারিশ করেন এবং ১০১ ক্রেতার কাছ থেকে নেওয়া অতিরিক্ত টাকা ফিরিয়ে দেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহাগ হোসেন আরো জানান, আমরা তার ডিলারশিপ বাতিলের সুপারিশ করছি। ভবিষ্যতে এই ধরনের কাজ করবে না বলে মুচলেকা রেখে ছেড়ে দেওয়া হয়েছে। ডিলার ইকবাল হোসেন সিংহদী গ্রামের আ. রাজ্জাক ভুঁইয়ার ছেলে।
র্যাবের হাতে মাদক ব্যবসায়ী গ্রেফতার
আড়াইহাজারে র্যাব-১১-এর হাতে মাদক ব্যবসায়ী মামুন (১৯) গ্রেফতার হয়েছে। বুধবার দুপুরে উপজেলার বিশনন্দী ইউনিয়নের চৈতনকান্দা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। সে ঐ গ্রামের জহুর আলীর ছেলে।
র্যাব-১১-এর এএসপি মোস্তাফিজুর রহমান জানান, দীর্ঘ দিন ধরে মামুনসহ একটি চক্র বিয়ার ও বিভিন্ন মাদক বিক্রি করে আসছিল। গোপনে খবর পেয়ে ২৬ ক্যান বিয়ারসহ তাকে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে আড়াইহাজার থানায় মামলা দায়ের করা হয়েছে। বাকি আসামি গ্রেফতারের চেষ্টা চলছে।
