সরকারের নানা পদক্ষেপের কারণে সারাদেশে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা কমছে। গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ১৩ শতাংশ কমেছে। চলতি বছরের শুরু থেকে গতকাল বুধবার পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৮২ হাজার ৯৯০ জন। আর চিকিত্সা নিয়ে বাড়ি ফিরেছেন ৮০ হাজার ৪২৭ জন। এ পর্যন্ত ৯৭ শতাংশ মানুষ চিকিত্সা নিয়ে বাড়ি ফিরেছে। সারাদেশে বর্তমানে মোট ভর্তি রোগীর সংখ্যা ২ হাজার ৩৬০ জন। এর মধ্যে ঢাকায় ৯২৭ জন এবং ঢাকার বাহিরে ১ হাজার ৪৩৩ জন। গত ২৪ ঘণ্টায় সারাদেশে ছাড়প্রাপ্ত মোট রোগীর সংখ্যা ৬৬১ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের ইমার্জেন্সি অপারেশনস সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রাপ্ত প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে। গত ২৪ ঘণ্টায় (১৭ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে ১৮ সেপ্টেম্বর সকাল ৮টা) পর্যন্ত নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৩৬ জন। এর মধ্যে ঢাকায় ১৭৫ জন এবং ঢাকার বাহিরে ৩৬১ জন। এ যাবত্ ডেঙ্গু জ্বরে ৬০ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন থেকে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ৪৭, মিটফোর্ড হাসপাতালে ২৩, ঢাকা শিশু হাসপাতালে ৭, শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ২২, বিএসএমএমইউতে ১০, মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ১০, বিজিপি হাসপাতালে ১ জন, সম্মিলিত সামরিক হাসপাতালে ৭ জন এবং কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ৯ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। ঢাকা বিভাগের বিভিন্ন হাসপাতালে (ঢাকা শহর ব্যতীত) ৮৯ জন, চট্টগ্রাম বিভাগে ৩৭ জন, খুলনা বিভাগে ১৫১ জন, রংপুর বিভাগে ৬ জন, রাজশাহী বিভাগে ২২ জন, বরিশাল বিভাগে ৪৮ জন, সিলেট বিভাগে ৫ জন ও ময়মনসিংহ বিভাগে ৩ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগী ভর্তি হন।
ডেঙ্গু নির্মূলে পাঁচ বছর মেয়াদি প্রকল্প নিচ্ছে ডিএসসিসি
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন বলেন, ‘ডেঙ্গু ব্যবস্থাপনা, নিয়ন্ত্রণ, নির্মূল এবং এর একটি স্থায়ী সমাধানের লক্ষ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন একটি প্রকল্প গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে। প্রাথমিকভাবে এই গ্রকল্প হবে পাঁচ বছর মেয়াদি।’ গতকাল নগর ভবনের ব্যাংক ফ্লোরে সিঙ্গাপুর সফর শেষে দেশে ফিরে অভিজ্ঞতা জানাতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে মেয়র একথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন ডিএসসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল শরীফ আহমেদ। মেয়র বলেন, ‘ডেঙ্গু নিয়ন্ত্রণের সব প্রচেষ্টা গ্রহণ করতে যাচ্ছি। আমরা আগস্টে ঘোষণা দিয়েছিলাম সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে ডেঙ্গু নিয়ন্ত্রণে আসবে। এখন সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহে চলে। ডেঙ্গুর প্রাদুর্ভাব যে একেবারে শূন্যের কোঠায় চলে এসেছে বিষয়টা এমন নয়। তবে ঢাকায় এর প্রকোপ উল্লেখযোগ্য হারে কমেছে। কিন্তু সারাদেশে এই প্রকোপ এখনো রয়েছে। তবে তা নিয়ন্ত্রিত অবস্থার মধ্যে।
সাঈদ খোকন বলেন, ‘আমাদের বিদ্যমান জনবল কাঠামো সংশোধনের মধ্য দিয়ে কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল অ্যান্ড রিসার্চ ডিপার্টমেন্ট নামে একটা বিভাগ তৈরি করতে চাই। যার মাধ্যমে আমাদের গৃহীত প্রকল্প ও কর্মপরিকল্পনা বাস্তবায়ন করতে পারি। সিঙ্গাপুর সরকারের সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের মধ্য দিয়ে ঢাকা সিটি করপোরেশন দেশটির মিনিস্ট্রি অব এনভায়রনমেন্ট, মিনিস্ট্রি অব হেলথ এবং হেলথ ইন্সটিটিউটের সঙ্গে একটি দীর্ঘমেয়াদি সম্পর্ক গড়ে তোলার জন্য একমত হয়েছে।
