আমেরিকা যাওয়ার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিমানকে আকাশসীমা ব্যবহার করতে দেবে না পাকিস্তান। গতকাল দেশটির পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশির বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএনআই। ২১ সেপ্টেম্বর এক সপ্তাহের যুক্তরাষ্ট্র সফরে যাবেন প্রধানমন্ত্রী মোদি। ২৬ ফেব্রুয়ারি বালাকোটে জয়শ-ই-মোহম্মদের জঙ্গিঘাঁটিতে ভারতের বিমান হানার পরই ভারতের জন্য তাদের আকাশসীমা বন্ধ করে দেয় পাকিস্তান। তবে জুলাইয়ে আবার তা আংশিকভাবে খুলে দেয়।
জম্মু-কাশ্মীর থেকে বিশেষ রাজ্যের মর্যাদা প্রত্যাহার এবং রাজ্যটিকে ভেঙে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করার ভারতের পদক্ষেপের প্রসঙ্গ টেনে কোরেশি বলেন, এই সিদ্ধান্ত ভারতের সাম্প্রতিক ব্যবহারের জন্য। ভারতের পররাষ্ট্রমন্ত্রণালয় জানিয়েছে, ভিভিআইপিদের বিমান ওড়ার ক্ষেত্রে ছাড়পত্র না দেওয়ার পাকিস্তানি সিদ্ধান্তে দুঃখিত তারা। কারণ এটি অন্যান্য সাধারণ দেশের ক্ষেত্রে রুটিন মাফিকই অনুমোদিত হয়। পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র রবিশ কুমার বলেন, আমরা পাকিস্তানকে এই ধরনের একতরফা ও ভিত্তিহীন পদক্ষেপ ত্যাগ করার আহ্বান জানাই। -এনডিটিভি
