বিসিক ভবনে ৫ দিনব্যাপী হস্ত ও কুটির শিল্প মেলা

আপডেট : ১১ নভেম্বর ২০১৮, ২১:৪৩

রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) ভবনে ৫ দিনব্যাপী হস্ত ও কুটির শিল্প মেলা শুরু হয়েছে। মেলাটি আয়োজন করেছে নকশি কাঁথা ফাউন্ডেশন এবং সহযোগিতা করেছে বিসিক। সকালে এ মেলার উদ্বোধন করেন শিল্প মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. মাহবুবুর রহমান। এসময় তিনি বলেন, ক্ষুদ্র উদ্যোক্তাদের পণ্য প্রসার এবং বাজারজাতকরণের জন্য প্রতিমাসে বিসিক এধরনের মেলার আয়োজন করবে। নতুন উদ্যোক্তা তৈরি, কর্মসংস্থান সৃষ্টি, বিদেশে ক্ষুদ্র ও কুটির শিল্পের বাজার তৈরি, উদ্যোক্তাদের ঋণ ও কারিগরি সহায়তা, শিল্প প্লট দিতে প্রস্তুত বিসিক। মেলায় উদ্যোক্তাদের তৈরি বিভিন্ন ধরনের হস্ত ও কুটির শিল্প পণ্যের ৫০ টি স্টল রয়েছে। এতে বিভিন্ন ধরনের পোশাক, শাড়ি, নকশি কাঁথা, তাঁত ও জামদানি শাড়ি, পাটজাত হস্তশিল্প, মধু, খাদ্যজাত সামগ্রীসহ হস্ত ও কুটির শিল্পজাত পণ্য পাওয়া যাচ্ছে। মেলা আগামী ১৫ই নভেম্বর পর্যন্ত সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে।