পাহাড়িকা বাসে সংরক্ষিত আসন রাখতেই হবে

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০১৯, ২০:৪৩

বাংলাদেশ নারীর ক্ষমতায়নে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে। সারা দেশের মতো রাঙ্গামাটি জেলায়ও শিক্ষা ও অর্থনৈতিক কর্মকাণ্ডে নারীর অংশগ্রহণ দিন দিন বেড়েছে। তাই তাদের নানা প্রয়োজনে পাহাড়িকা বাসে করে চট্টগ্রাম শহরে যাওয়া-আসা করতে হয়। নারীদের নিরাপত্তার জন্য রাঙ্গামাটি সড়কে পাহাড়িকা বাসে নারীদের জন্য নির্দিষ্ট কোনো আসন সংরক্ষণ নেই। আমাদের দেশের যানবাহনের বর্তমান পরিস্থিতিতে নিরাপত্তার কথা মাথায় রেখে রাঙ্গামাটি সড়কে একা যাতায়াতকারী নারী যাত্রীদের জন্য পাহাড়িকা বাসের প্রথম সারির ৬টি সংরক্ষিত আসন অবশ্যই দরকার। পুরুষের পাশে বসা অনেক সময়ই একজন নারীর জন্য অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়। বিকৃত মানসিকতার কারণেই একশ্রেণির পুরুষ ইচ্ছে করেই নারী যাত্রীদের গায়ের ওপরে ঢলে পড়েন কিংবা অপ্রয়োজনে গায়ে হাত দেন। প্রতিবাদ করলেই বলে, ‘ইচ্ছে করে হাত দেইনি। এত অসুবিধা হলে বাসে না উঠে প্রাইভেট কারে যাতায়াত করতে পারতেন।’ আমি মনে করি, নারীর প্রতি পুরুষদের শ্রদ্ধাবোধ বৃদ্ধি ও মানসিকতার পরিবর্তন না হওয়া পর্যন্ত নারীদের জন্য পাহাড়িকা বাসে সংরক্ষিত আসন রাখতেই হবে। এসডিজি তথা টেকসই উন্নয়নের জন্য নারীদের নিরাপত্তার কথা চিন্তা করে রাঙ্গামাটি সড়কে পাহাড়িকা বাসে নারীবান্ধব পরিবেশ সৃষ্টি করার লক্ষ্যে রাঙ্গামাটি জেলার মাননীয় জেলা পরিষদ চেয়ারম্যান মহোদয়, মাননীয় জেলা প্রশাসক, মাননীয় পুলিশ সুপার ও মাননীয় পৌরসভার মেয়র মহোদয়ের আশু পদক্ষেপ কামনা করছি।

জিনাত সুলতানা

প্রভাষক (বাংলা),

ইবিআরসি স্টাডি সেন্টার,

চট্টগ্রাম সেনানিবাস