প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি

বিএনপি নেতা দুদুর বিরুদ্ধে যুবলীগ নেতার মামলা

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০১৯, ২২:৩৫

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুর বিরুদ্ধে মামলা করেছেন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মহি উদ্দিন মহি। গতকাল বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম বাকী বিল্লাহর আদালতে এ মামলা করা হয়।

মামলার অভিযোগে বলা হয়, ‘গত ১৭ সেপ্টেম্বর শামসুজ্জামান দুদু একটি বেসরকারি টেলিভিশনের সাক্ষাত্কারে বলেন, শেখ মুজিব যেভাবে বিদায় হয়েছেন শেখ হাসিনাও সেভাবে বিদায় হবেন। এতে জনগণের মাঝে ভয় ও ভীতিকর অবস্থা তৈরি হয়েছে। এ বক্তব্যের মাধ্যমে তিনি প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দিয়েছেন।’ মামলায় আরো বলা হয়, এর আগে প্রধানমন্ত্রীকে ১৯ বার হত্যার চেষ্টা করা হয়েছে। শামসুজ্জামান দুদুর এই বক্তব্যও হত্যাচেষ্টার শামিল।