রূপগঞ্জে শ্মশানঘাটের জমি উদ্ধারের দাবিতে বিক্ষোভ, মানববন্ধন

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৯, ০০:২৩

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ইউনিয়ন শ্মশানঘাটের বেদখল হয়ে যাওয়া ৩১ শতাংশ জমি উদ্ধারের দাবিতে এলাকাবাসী গতকাল বৃহস্পতিবার বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে। বিক্ষোভকারীরা মুড়াপাড়া ফেরিঘাট শ্মশানঘাটের সামনে মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা ভূমি অফিসের সামনে প্রতিবাদ সভা করে। প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন মুড়াপাড়া ইউনিয়ন শ্মশানঘাট পরিচালনা কমিটির সভাপতি গনেশ চন্দ্র সাহা। বক্তব্য রাখেন মুড়াপাড়া ইউনিয়ন শ্মশানঘাট পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক অরুণ মিত্র, কমিটির কর্মকর্তা দিগেন বিশ্বাস, রিপন চন্দ্র পাল, পবিত্র রঞ্জন দাস, সুমন্ত্র চন্দ্র সরকার, শুধাংশ দাস প্রমুখ।

সভায় বক্তারা বলেন, শতাধিক বছরের পুরোনো এই শ্মশানঘাটে মুড়াপাড়া ইউনিয়নের হিন্দুধর্মাবলম্বীদের অধিকাংশ মানুষকে দাহ করা হয়। শ্মশানঘাটের জমি বেদখল হয়ে যাওয়ায় শীতলক্ষ্যা নদীর তীরে বালুর চরে মৃত ব্যক্তিদের দাহ করতে হচ্ছে। অবিলম্বে শ্মশানঘাটের জমি উদ্ধার করতে হবে। অন্যথায় বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে। পরে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা সহকারী কমিশনারকে (ভূমি) তারা স্মারকলিপি প্রদান করেন।