গাজীপুরের শ্রীপুরে পৃথক স্থান থেকে এক প্রবাসী ও এক জন ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাতে পৌর এলাকার কেওয়া পূর্ব খণ্ড গ্রাম থেকে প্রবাসী মোবারক হোসেনের (৩৫) লাশ তার ঘরের সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। খবর পেয়ে শ্রীপুর থানার এসআই নয়ন ভুঁইয়া লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে প্রেরণ করেন। মৃত মোবারক ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানার লামুক্তা গ্রামের নিজাম উদ্দিনের ছেলে। কাতার প্রবাসী মোবারক প্রায় দুই মাস আগে পৌরশহরের কেওয়া পূর্ব খণ্ড গ্রামের রফিক উদ্দিনের বাড়ি ভাড়া নেন। অন্যদিকে বৃহস্পতিবার সকালে উপজেলার তেলিহাটি ইউনিয়নের লোহাইবাজার এলাকায় ফার্মেসি ব্যবসায়ী আমিনুল ইসলামের (৩২) লাশ ঘরের সিলিং ফ্যানের ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। আমিনুল নরসিংদীর শিবপুর থানার সৈয়দনগর গ্রামের ডা. করিম ভূঁইয়ার ছেলে। শ্রীপুর থানার ওসি লিয়াকত আলী জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তারা উভয়েই অভিমান করে আত্মহত্যা করেছেন।
