ব্রিটিশ কনজারভেটিভ পার্টির প্রতিনিধিদের সঙ্গে বিএনপি নেতার বৈঠক

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৯, ০০:৫৩

সফররত ব্রিটিশ কনজারভেটিভ পার্টির একটি প্রতিনিধিদল গতকাল বিএনপি নেতাদের সঙ্গে বৈঠককালে গুরুতর অসুস্থ বেগম খালেদা জিয়ার মুক্তি না হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে। তারা বলেন, মুক্তির সঙ্গে গণতন্ত্র, মানবাধিকার, আইনের শাসন কোনো কিছুই আলাদা করে দেখার সুযোগ নেই। গতকাল সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক হয়। যুক্তরাজ্যের ‘কনজারভেটিভ ফ্রেন্ড অব বাংলাদেশ’ এই গ্রুপের নেতৃত্ব দেন পল স্কাউলি, যিনি কনজারভেটিভ পার্টির ডেপুটি চেয়ারম্যান। এছাড়া ‘কনজারভেটিভ ফ্রেন্ড অব বাংলাদেশ’-এর চেয়ারপারসন অ্যান মেইনসহ কয়েক জন এমপি ও রাজনীতিবিদও ছিলেন প্রতিনিধিদলে। বিএনপির প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঘণ্টাব্যাপী এই বৈঠকে বাংলাদেশে রোহিঙ্গা সমস্যা, মানবাধিকার পরিস্থিতি, একাদশ সংসদের বিতর্কিত নির্বাচন, অর্থনৈতিক অবস্থা প্রভৃতি বিষয় আলোচনা হয়।

বৈঠকে বিএনপির পক্ষ থেকে ব্রিটিশ প্রতিনিধিদলকে দলের কারাবন্দি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি এবং তার স্বাস্থ্যের অবনতিশীল অবস্থা জানানো হয়।

বৈঠকের পর স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, মূলত বাংলাদেশের প্রকৃত অবস্থাটা কী ব্রিটিশ প্রতিনিধিরা আমাদের কাছে জানতে চেয়েছেন। আমরা বাস্তব অবস্থাটা তুলে ধরেছি। আলোচনায় অনেক ইস্যুর মধ্যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির বিষয়টি গুরুত্ব পেয়েছে। তারা অনুধাবন করতে পারছেন যে, বিষয়টি বাংলাদেশের রাজনীতিতে বড়ো ধরনের একটা ইস্যু হয়ে দাঁড়িয়েছে।