আর্থিক অপরাধ তদন্ত বিষয়ে কর্মশালা

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৯, ০০:৫৪

আর্থিক অপরাধ তদন্তে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দক্ষতা বাড়াতে গতকাল রাজধানীর গুলশানের একটি হোটেলে তিন দিনব্যাপী এক কর্মশালার আয়োজন করা হয়। ‘আর্থিক অপরাধ : তদন্ত এবং মামলা’ শীর্ষক এ কর্মশালা যৌথভাবে আয়োজন করেছে ইউএস স্টেট ডিপার্টমেন্ট, ইউএস ডিপার্টমেন্ট অব জাস্টিস এবং বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল মিলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। আরো বক্তব্য দেন বিএফআইইউর প্রধান আবু হেনা মোহা. রাজী হাসান। কর্মশালায় বিএফআইইউ, দুদক, এনবিআর, সিআইডি, আইন মন্ত্রণালয়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, এটর্নি জেনারেল অফিস এবং শুল্ক গোয়েন্দা কর্মর্তাগণ অংশ নেন।

মিলার বলেন, বর্তমান সময়ে অপরাধীরা আরো বেশি আধুনিক। তারা এখন ক্রিপ্টোকারেন্সির মতো আধুনিক পদ্ধতি ব্যবহার করছে। অর্থ পাচার, সন্ত্রাসবাদে অর্থায়ন প্রতিরোধ এবং আইনের শাসনকে জোরদার করার লক্ষ্যে মার্কিন দূতাবাস বাংলাদেশকে সমর্থন করতে প্রতিশ্রুতিবদ্ধ।