পাহাড়ি জনগোষ্ঠীকে এগিয়ে নিতে মোনঘর একটি বাতিঘর

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৯, ২০:৫৭

রাঙ্গামাটিতে দীপংকর তালুকদার

 রাঙ্গামাটি প্রতিনিধি

রাঙ্গামাটির সংসদ সদস্য দীপংকর তালুকদার এমপি বলেছেন, পার্বত্য এলাকার পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সমাজের সর্বক্ষেত্রে এগিয়ে নেওয়ার জন্য মোনঘর প্রতিষ্ঠানটি একটি উজ্জ্বল বাতিঘর। এই বাতিঘর থেকে বিচ্ছুরিত আলো সমাজকে পরিশুদ্ধ করে, ভালো-মন্দকে পৃথক করে দেখার শক্তি বাড়ায়, সত্ পরামর্শ দিয়ে সমাজকে সঠিক পথে পরিচালিত করছে। আর এই প্রতিষ্ঠানের মাধ্যমে দেশ-বিদেশে অনেকেই বড়ো বড়ো প্রতিষ্ঠানে কর্মকর্তা পদে চাকরিরত রয়েছেন এবং তারা এই এলাকার এবং সমাজের জন্য কাজ করছেন। 

গতকাল শুক্রবার সকালে রাঙ্গামাটি শহরে দরিদ্র পাহাড়ি শিশু কিশোরদের শিক্ষাপ্রতিষ্ঠান মোনঘর আবাসিক শিশু সদনের নবনির্মিত ছাত্রাবাস শান্তি ভবনের উদ্বোধন, ইনস্টিটিউট অব টেকনোলজির নতুন শিক্ষাবর্ষের শুভ সূচনা ও শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য দীপংকর তালুকদার এসব কথা বলেন।

মনোঘরের শ্রদ্ধালংকার মহাথের ভিক্ষুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আমেরিকার ক্যাম্পবেল ফাউন্ডেশনের প্রেসিডেন্ট ডুগলেস্ এ মুজিন সুনিম, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা, জেলা পরিষদ সদস্য সাধন মনি চাকমা, রাঙ্গামাটি ভারপ্রাপ্ত পৌর মেয়র জামাল উদ্দিন, সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান দুর্গেশ্বর চাকমা, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মোনঘর কার্যনির্বাহী পরিষদের সাধারণ সম্পাদক কীর্তি নিশান চাকমা।  পরে বিভিন্ন পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার ও মনোঘর স্কুলের অবসরপ্রাপ্ত দুই শিক্ষককে চেক বিতরণ করেন অতিথিরা।

উল্লেখ, যুক্তরাষ্ট্রভিত্তিক দাতব্য প্রতিষ্ঠান বুদ্ধিস্ট গ্লোবাল রিলিফ-এর অর্থায়নে মোনঘর শিশু সদনের নবনির্মিত তিনতলা ছাত্রাবাস শান্তিভবনটি নির্মাণ করা হয়।