শ্যামনগরে ১৪ বাচ্চাসহ কেউটে সাপ উদ্ধার

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৯, ২১:০০

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরার শ্যামনগরের একটি বসতঘর থেকে ১৪টি বাচ্চাসহ একটি বিষধর কেউটে সাপ ধরা পড়েছে। এসময় ২১টি সাপের ডিমও উদ্ধার করা হয়। শুক্রবার দুপুরে উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের কলবাড়ী গ্রামের হরপ্রসাদ মণ্ডলের বসত ঘর থেকে এই সাপ ও ডিম উদ্ধার করা হয়।

হরপ্রসাদ মণ্ডল জানান, ঘরের কার্নিশ দিয়ে ৩টি কেউটে সাপের বাচ্চা চলাচল করতে দেখা যায়। তাত্ক্ষণিক তিনি স্থানীয়দের সহযোগিতায় সাপের বাচ্চা ৩টি মেরে ফেলেন। ঘরে আরো সাপ আছে এমন সন্দেহ থেকে কয়েকজন যুবক নিয়ে ঘরের মেঝের মাটি কোপাতে শুরু করেন তিনি। এর পরপরই মেঝে থেকে বেরিয়ে আসতে থাকে একেকটি কেউটে সাপের বাচ্চা। ঘরের অর্ধেক মাটি কাটা শেষ হলে বড়ো সাপের খোলস, ১৪টি বাচ্চা এবং ২১টি সাপের ডিম পাওয়া যায়। এ সময় সাপের বাচ্চাগুলোকে মেরে ফেলা হলেও স্থানীয় সাপুড়েরা মা সাপকে জীবিত অবস্থায় ধরতে সক্ষম হয়।