খুলনায় ৮৩ কোটি টাকা ব্যয়ে হচ্ছে আধুনিক কসাইখানা

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৯, ২১:০১

g খুলনা অফিস

খুলনায় আধুনিক কসাইখানা নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। খুলনা-সাতক্ষীরা মহাসড়ক সংলগ্ন রাজবাঁধ এলাকায় ৮৩ কোটি টাকা ব্যয়ে এই আধুনিক কসাইখানা নির্মাণ করবে খুলনা সিটি করপোরেশন (কেসিসি)। আগামী জানুয়ারি মাসে এ কসাইখানার নির্মাণকাজ শুরু করা হবে।

কেসিসি সূত্র জানায়, বর্তমানে খুলনা মহানগরীতে স্বাস্থ্যসম্মত মাংস পাওয়া মুশকিল হয়ে পড়েছে। এছাড়া যত্রতত্র পশু জবাইয়ের কারণে পরিবেশ দূষণ হচ্ছে। এ অবস্থা থেকে উত্তরণের জন্য কেসিসি উদ্যোগ গ্রহণ করে। গত বৃহস্পতিবার বিকালে কেসিসি ও প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তাদের মধ্যে সভা অনুষ্ঠিত হয়। স্বাস্থ্যসম্মত মাংস সরবরাহ নিশ্চিত করা ও পরিবেশ দূষণ কমিয়ে আনতে নগরীর হরিণটানা থানার খুলনা-সাতক্ষীরা মহাসড়ক সংলগ্ন রাজবাঁধ এলাকায় একটি আধুনিক কসাইখানা নির্মাণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বিশ্বব্যাংকের আর্থিক সহায়তায় এক একর জমির ওপর ‘মডার্ন সেমি অটোমেটিক স্লটার হাউজ’ নামে এই কসাইখানাটি নির্মাণ করা হবে।

কেসিসির সিনিয়র ভেটেরিনারি অফিসার ডা. মো. রেজাউল করিম বলেন, এ ব্যাপারে কয়েক দফা বৈঠক করে সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে। খুলনা-সাতক্ষীরা মহাসড়ক সংলগ্ন রাজবাঁধ এলাকায় এ কসাইখানা নির্মাণ করা হচ্ছে। আগামী বছর জানুয়ারি মাসে কসাইখানার অবকাঠামোর নির্মাণকাজ শুরু হবে।

খুলনা সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন কর্মকাণ্ডের ধারাবাহিকতায় জনগুরুত্বপূর্ণ এ প্রকল্পটি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রকল্পটি বাস্তবায়ন হলে স্বাস্থ্যসম্মতভাবে ভোক্তাদের নিকট মাংস সরবরাহ নিশ্চিতসহ পরিবেশ দূষণও বহুলাংশে হ্রাস পাবে।