সকলেই আমরা ইন্টারনেট ব্যবহার করে থাকি। আর ইন্টারনেট ব্যবহার মানেই ফেসবুক, টুইটার, ইমেইল বা অনলাইন সার্চ। এই কাজগুলোই অনলাইনে সবচেয়ে বেশি হয়ে থাকে। এসব কাজ করতে গিয়ে অনেক ক্ষেত্রেই দেখা যায় সময়ের অপচয় ঘটে থাকে। সেই সময় অপচয় না করে একটু কৌশলে এগুলো ব্যবহার করলেই আপনার সময় বাঁচবে। আর বাকি সময়েরও সঠিক ব্যবহার নিশ্চিত করতে পারবেন। এ সংক্রান্ত কিছু টিপস তুলে ধরা হলো এই লেখায়।
ফেসবুক : সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুক মানেই বন্ধুদের সাথে শেয়ার করা নিজের কথা। তবে বন্ধুদের সংখ্যা যতই বাড়তে থাকবে, ফেসবুকে সবার খোঁজ সবসময় রাখার কাজটি হতে ততই কঠিন। বন্ধুর সংখ্যা বাড়ার সাথে সাথে নিউজ ফিডে সবার খবর দেখা কঠিন হয়ে যাবে। বরং যে কয়জন বন্ধুর খোঁজ-খবর আপনি রাখতে পারবেন, তার চেয়ে অনেক বেশি খবর মিস করতে হবে।
এই ঝামেলা থেকে মুক্তির জন্য আপনি বন্ধুদেরকে নানান ক্যাটাগরিতে ভাগ করে তালিকাভূক্ত করে নিতে পারবেন। ফ্যামিলি, ক্লাসমেট, কলিগ ইত্যাদি নানান তালিকায় ভাগ করে নিলে একজন একজন করে বন্ধুদের কার্যক্রম দেখার পরিবর্তে আপনি লিস্ট ধরে নির্দিষ্ট ক্যাটাগরির বন্ধুদের কার্যক্রম একসাথে দেখতে পারবেন।
বন্ধুদের এভাবে তালিকাভুক্ত করার বিষয়টি আপনার পছন্দ না হলে আপনার নিউজ ফিডের সেটিংস পরিবর্তন করে নিতে পারবেন। এ ক্ষেত্রে আপনার প্রতিটি বন্ধুর সর্বোচ্চ কতটি করে আপডেট বা কী ধরনের আপডেট আপনি প্রতিদিন দেখতে চান, তা সীমাবদ্ধ করে দিতে পারবেন। ফলে আপনার দুই/একজন অধিক সক্রিয় বন্ধুর কার্যক্রমে অন্যদের খবর পাওয়া থেকে বঞ্চিত হবেন না।
টুইটার :টুইটারের ক্ষেত্রেও আপনার ফলো করা বন্ধুদের সংখ্যা বাড়ার সাথে সাথে তাদের খোঁজ-খবর রাখা কঠিন হয়ে পড়ে। মাইক্রোব্লগিং এই সাইটেও তাই সব বন্ধুদের খোঁজ-খবর নিয়মিত রাখতে তাদের বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করে নিতে পারেন। বন্ধুদের তালিকাভুক্ত করে নেওয়া আপনাকে বেশ ভালো সুবিধা দেবে টুইটারেও।
ইমেইল :আজকাল অনলাইনে যুক্ত থাকা মানেই ফেসবুক, টুইটারের মতো নানান ধরনের সামাজিক যোগাযোগের সাইটে অ্যাকাউন্ট থাকা। পাশাপাশি বিভিন্ন সাইটে রেজিস্ট্রেশন করলে সেসব সাইটের আপডেট, নিউজ লেটার—হরেক রকম ইমেইলে আপনার ই-মেইলে ইনবক্সটি থাকে পরিপূর্ণ। এতসব ইমেইলের ভিড়ে অনেকসময় প্রয়োজনীয় আর গুরুত্বপূর্ণ ইমেইলটিও নজর এড়িয়ে যায় সঠিক সময়ে। এই সমস্যা থেকে মুক্তি পেতে আপনার ই-মেইলের ইনবক্সে ব্যবহার করতে পারেন ফিল্টার। প্রথমত আপনি নানান ধরনের কাজের উপর ভিত্তি করে তৈরি করতে পারেন ফোল্ডার। তারপর ফিল্টার ব্যবহার করে ই-মেইলকে সরাসরি পাঠিয়ে দিতে পারেন ওই ফোল্ডারে। এতে করে আপনার ইনবক্সটি আর মেইলে সহসাই পূর্ণ হয়ে যাবে না। জি-মেইল, ইয়াহু মেইলসহ প্রায় সব ই-মেইল সার্ভিসেই রয়েছে এই ধরনের ফিল্টার ব্যবহারের সুবিধা।
ওয়েব সার্চ :অনলাইনে কোনো কিছু সার্চ দিলেই প্রচুর পরিমাণে অপ্রয়োজনীয় ওয়েবসাইটের লিংক চলে আসে। আবার একই শব্দের সমর্থক শব্দগুলো দিয়ে সার্চ করলে দেখা যায় সম্পূর্ণ ভিন্ন ফলাফল পাওয়া যায়। সার্চের ক্ষেত্রে তাই প্রয়োজনীয় এবং সংশ্লিষ্ট লিংকগুলোকে আগে খুঁজে পেতে বিভিন্ন ক্যাটাগরিতে সার্চ করুন। মনে করুন, আপনি ব্লগ সংশ্লিষ্ট কোনো বিষয়ে তথ্য খুঁজছেন। কাঙ্ক্ষিত টপিকের সাথে তাই ব্লগ শব্দটিকে জুড়ে দিন। আবার নির্দিষ্ট কোনো সাইটে তথ্য খুঁজে পেতে চাইলে সেটিকেও নির্দিষ্ট করে দিন। আর অ্যাডভান্সড সার্চ অপশন ব্যবহার করুন। এতে অধিকতর সংশ্লিষ্ট লিংক খুঁজে পাওয়া সহজ হবে।
