স্পোর্টস রিপোর্টার, চট্টগ্রাম থেকে
বয়সের কোটা ৩৬ ছাড়িয়েছে। এখপনা আনফিট বলা যাবে না হ্যামিল্টন মাসাকাদজাকে। গতকাল সাগরিকায় ওয়ার্মআপের পর ঘর্মাক্ত মাসাকাদজার চেহারায় ফুটে উঠেছিল কিছুটা ক্লান্তির ছাপ। মুখশ্রীও মলিন। অবশ্য এর কারণ কারোই অজানা নয়।
গতকাল আফগানিস্তানের বিপক্ষে ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলেছেন মাসাকাদজা। এই ম্যাচ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেছেন তিনি।
জিম্বাবুয়ের ক্রিকেটের সোনালী সময়ের শেষভাগের প্রতিনিধি মাসাকাদজা ১৮ বছর দেশের প্রতিনিধিত্ব করেছেন। শেষ ম্যাচেও দলকে নেতৃত্ব দিয়েছেন। চট্টগ্রামের সাগরিকায় গতকাল ক্যারিয়ারের ইতি টেনেছেন টেস্ট অভিষেকেই সেঞ্চুরি করা জিম্বাবুয়ের এই ক্রিকেটার।
গতকাল মাসাকাদজার জার্সির পেছনে লেখা ছিল ‘মুধারা ৩১০’। মুধারা মানে সিনিয়র সিটিজেন, কার্যতই জিম্বাবুয়ে দলে এখন সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার তিনি। আর ৩১০ বোঝাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেটে তার ম্যাচের সংখ্যা।
গতকাল দেশের হয়ে শেষবার টস করতে নেমে মাসাকাদজা বলেছেন, ‘এটা আমার শেষ ম্যাচ। অবশ্যই আমি আরো ভালো অবস্থানে থাকতে চেয়েছিলাম। কিন্তু ফাইনালে যেতে পারিনি। আমরা কখনোই টি-২০ তে আফগানিস্তানকে হারাতে পারিনি। তাই আশা করি আজই সেই দিন হবে।’
জিম্বাবুয়ের ক্রিকেটের অনেক উত্থান-পতনের সাক্ষী মাসাকাদজা। হারারেতে ২০০১ সালের জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট অভিষেক হয়েছিল তার। ঐ বছরই প্রথম ওয়ানডে খেলেন তিনি। আর টি-২০ অভিষেক ২০০৬ সালে। আন্তর্জাতিক ক্রিকেটে ১০টি সেঞ্চুরি রয়েছে এই ওপেনারের। টেস্টে ও ওয়ানডেতে ৫টি করে সেঞ্চুরি করেছেন তিনি। জিম্বাবুয়ের জার্সিতে ৩৮ টেস্ট, ২০৯ ওয়ানডে ও ৬৬ টি-২০ ম্যাচ খেলেছেন মাসাকাদজা।
২০১৮ সালে বাংলাদেশের বিরুদ্ধে শেষ টেস্ট ও চলতি বছর জুলাইয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে শেষ ওয়ানডে খেলেছেন তিনি।
