বাদীর হাত-পা ভেঙে দেওয়া মামলায় প্রধান আসামিসহ গ্রেফতার ৪

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৯, ২১:২৪

বরিশাল অফিস

পটুয়াখালীর কলাপাড়ায় গণধর্ষণ মামলার বাদীকে পিটিয়ে হাত-পা ভেঙে দেওয়ার ঘটনায় চার আসামিকে অস্ত্র ও মাদকসহ গ্রেফতার করেছে র্যাব-৮। গত বৃহস্পতিবার পটুয়াখালী পৌর শহরের নতুন বাজার এলাকার পানামা আবাসিক হোটেল থেকে গ্রেফতার করা হয় তাদের। এ সময় একটি বিদেশি পিস্তল, ওয়ান শুটারগান, ১২ রাউন্ড গুলি এবং ৩৯০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, মহিপুর থানার সদর ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শাকিল মৃধা, তার সহযোগী রবিউল ভূঁইয়া, রবিউল হাওলাদার ও সাইফুল ইসলাম।

নগরীর রূপাতলী র্যাব সদর দপ্তরে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান র্যাব-৮র উপঅধিনায়ক মেজর খান সজিবুল ইসলাম।

র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা ওই গৃহবধূকে গণধর্ষণ এবং ধর্ষণের মামলা তুলে না নেওয়ায় বাদী সিদ্দিক হাওলাদারকে পিটিয়ে হাত-পা ভেঙে দেওয়ার কথা স্বীকার করেছেন। র্যাবের ডিএডি দেলোয়ার হোসেন বাদী হয়ে ওই চার জনের বিরুদ্ধে মহিপুর থানায় পৃথক মামলা করেছেন বলে জানিয়েছেন র্যাব কর্মকর্তা মেজর খান সজিবুল ইসলাম।

উ?ল্লেখ্য, গত ১৫ এপ্রিল কলাপাড়া উপজেলার পশ্চিম চাপলী এলাকায় গৃহবধূকে গণধর্ষণ করে শ্রমিক লীগ নেতা শাকিল মৃধা ও তার সহযোগীরা। এ ঘটনায় সিদ্দিক হাওলাদার বাদী হয়ে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করেন। সম্প্রতি আসামিরা জামিনে মুক্তি পেয়ে মামলা তুলে নেওয়ার জন্য বাদীর ওপর চাপ সৃষ্টি করে। এতে তিনি রাজি না হলে গত ১৭ সেপ্টেম্বর শাকিলের নেতৃত্বে তার সহযোগীরা পিটিয়ে বাদীর দুই পা এবং এক হাত ভেঙে দেয়।