যশোরে রাজিচ হত্যা, হত্যার পর নদীতে লাশ ফেলে দেয় ওরা দুজন

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৯, ২১:২৪

যশোর অফিস

যশোরের মণিরামপুরে রাজিচ উদ্দিনকে (৪২) হত্যার আগে পূর্বপরিকল্পনা অনুযায়ী ডেকে নিয়ে চায়ের সঙ্গে ঘুমের ওষুধ খাওয়ায় আসামি পীর মোহাম্মদ। এরপর তাকে নদীর পাড়ে নিয়ে হত্যা করে দুই জনে লাশ ফেলে দেয়। এই মামলার অন্যতম আসামি পীর মোহাম্মদকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। বুধবার রাতে খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার কাটেঙ্গা বকুলতলা বাজারে সেলিমের চায়ের দোকানের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। পীর মোহাম্মদ ঐ গ্রামের জালাল মোল্লার ছেলে।  বৃহস্পতিবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

পিবিআই যশোরের অতিরিক্ত পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন জানান, যশোর শহরে রঙ মিস্ত্রী ও ড্রাইভার হিসেবে কাজ করতেন রাজিচ উদ্দিন (৪২)। গত ১১ মার্চ মনিরামপুরের নেহালপুর ইউনিয়নের পাঁচাকড়ি টেকেরঘাট ব্রিজ এলাকার মুক্তেশ্বরী নদীর পাড় থেকে রাজিচ উদ্দিনের লাশ উদ্ধার করা হয়। এই মামলার অপর আসামি সেলিম পারভেজ ইকবালকে আগেই গ্রেফতার করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার আরো বলেন, সর্বশেষ বুধবার মামলার তদন্ত কর্মকর্তা এসআই শরিফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ খুলনার ডুমুরিয়ার কাটেঙ্গা বকুলতলা বাজারে সেলিমের চায়ের দোকানের সামনে থেকে পীর মোহাম্মদকে গ্রেফতার করে।