যশোর অফিস
ভারত থেকে বাংলাদেশি প্রেমিকের সঙ্গে চলে আসা তৃষ্ণা জানা নামে এক কিশোরীকে উদ্ধার করেছে যশোরের পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশন (পিবিআই)। বুধবার রাতে রাজবাড়ী জেলার কালুখালি উপজেলার পারকুল গ্রাম থেকে তাকে উদ্ধার করা হয়। পিবিআই যশোরের অতিরিক্ত পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন বৃহস্পতিবার প্রেস ব্রিফিং করে জানান, তৃষ্ণা জানা ভারতের উত্তর চব্বিশ পরগনার ফ্রেজারগঞ্জ থানার অমরাবতী গ্রামের মেয়ে। বাংলাদেশে আসার ঘটনায় তার বাবা ভারতে একটি অপহরণ মামলা করেন।
জাহাঙ্গীর হোসেন আরো জানান, পারকুল গ্রামের আকবর আলী নামে এক যুবক ভারতের গুজরাটে গার্মেন্টসে কাজ করতেন। সেখানে থাকা অবস্থায় মোবাইল ফোনে তৃষ্ণার সঙ্গে পরিচয় হয়। এরপর গত ২৭ এপ্রিল তৃষ্ণাকে নিয়ে তিনি বাংলাদেশে চলে আসেন। আকবর আলী মেয়েটিকে দেশে এনে বিয়ে করেন এবং আবারও ভারতে কাজের জন্য চলে যান। এ ঘটনায় তৃষ্ণার বাবা ভারতের ফ্রেজারগঞ্জ থানায় মামলা করেন। ভারতীয় পুলিশ তদন্তে তৃষ্ণাকে বাংলাদেশে নিয়ে যাওয়ার প্রমাণ পায় এবং আকবর আলীকে আটক করে। এরপর মেয়েটিকে উদ্ধারে জাস্টিস অ্যান্ড কেয়ার নামে একটি সংগঠনের মাধ্যমে কাজ শুরু করে পিবিআই। বুধবার রাতে তৃষ্ণাকে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া কিশোরীকে বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হয়। আর আদালতের মাধ্যমেই কিশোরীকে দেশে পাঠানোর উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জাহাঙ্গীর হোসেন জানান।
