আব্দুস সামাদ
তিনজনে বেশ ভাব জমেছে, কেউ বলে ত্রিরত্ন
কাজটা ওরা যেটাই করুক, সব কাজে বেশ যত্ন।
যেইখানে যাক! একসাথে যায় একসাথে খায় অন্ন
ওদের মাঝে নেই কোনো খাদ আজকে প্রতিপন্ন।
অসহায়ের সহায় তারা মন্দে সমান পটু
ভুক্তভোগী সুযোগ পেলেই শোনায় কথা কটু।
তাদের ভেতর চুক্তি ছিল, যেই না কাজেই যাক না
একবারও কেউ খুলবে না মুখ, চাপটা যতই থাক না।
সেদিন মঘার মুরগি ধরে করল তারা ভোজন
মুরগিটা বেশ বড়ই ছিল! তিন কেজি যার ওজন।
মুরগি-শোকে মঘা মিয়ার যাচ্ছেতাই অবস্থা
মঘা মিয়া হারাইছে য্যান, তিনটে সোনার বস্তা!
তিনজনেরই শপথ ছিল চলবে সারাজীবন
একজনে ঠিক ফাঁস করে দেয়, মুরগি চুরির মিশন।
বন্ধু কী আর বন্ধু থাকে? করলে এমন কামটা!
প্রাণের বন্ধু তাই দিলো এই, সব সেরা ইনামটা।
ভোলাহাট, চাঁপাই নবাবগঞ্জ
