তথ্যপ্রযুক্তি ডেস্ক
সব ই-কমার্স প্রতিষ্ঠানের জন্য ‘রিটার্ন’ খুবই গুরুত্বপূর্ণ বিষয়। কেননা, অনলাইন অর্ডার থেকে প্রায় ২৪ শতাংশ পণ্য ফেরত আসে। ফেরত আসা এসব পণ্য পুনরায় ডেলিভারি করতে ই-কমার্স ও তাদের লজিস্টিক পার্টনারদের নতুন করে ব্যয় বহন করতে হয়। ফেরত আসা ২৪ শতাংশ পণ্যের মধ্যে ২১ শতাংশই ঘটে ক্রেতার অনিচ্ছা এবং ডেলিভারির সময় তার অনুপস্থিতির কারণে। বাকি ৩ শতাংশ ঘটে পণ্য কিংবা পণ্যের প্যাকেজিংয়ের ঝামেলা বা ত্রুটি কিংবা দেরিতে ডেলিভারি দেওয়ার কারণে।
‘রিটার্ন পারসেন্ট’ বা সরবরাহ করতে না পারা পণ্যের পরিমাণ হ্রাসে কার্যকর সমাধান নিয়ে আসতে অনেক দিন ধরেই কাজ করছে পেপারফ্লাই, যার ভিত্তিতে প্রতিষ্ঠানটি নিয়ে এসেছে ‘স্মার্ট রিটার্ন’ ফিচার। এই ফিচারের মাধ্যমে প্রথমবারের মতো ফেরত আসা সব অর্ডার ২৪ ঘণ্টার জন্য স্থগিত থাকবে এবং মার্চেন্ট ও ক্রেতার সুযোগ হবে রিটার্ন বাতিল করার এবং অর্ডারকৃত পণ্য ফেরত পাওয়ার। ‘ডাবল চেক মেকানিজম’-এর ওপর ভিত্তি করে এ প্রক্রিয়া সম্পন্ন হবে এবং ফেরত আসা পণ্যের স্পষ্ট কারণ সম্পর্কেও জানা যাবে। এ নিয়ে পেপারফ্লাইয়ের প্রধান বিপণন কর্মকর্তা (সিএমও) রাহাত আহমেদ বলেন, ‘স্মার্ট রিটার্ন আমাদের গ্রাহকের রিটার্নের সংখ্যা ৫ থেকে ১০ শতাংশ কমিয়ে আনবে এবং উল্লেখযোগ্য হারে ডেলিভারি খরচ কমাবে। এছাড়া, এটা আমাদের গ্রাহকদের ক্রেতাদের আচরণ নিয়ে বিগডেটা প্রদান করবে।’ সম্প্রতি পেপারফ্লাইয়ের আয়োজনে অনুষ্ঠিত একটি অনুষ্ঠানে উদ্ভাবনী এই ফিচার উন্মোচন করা হয়।
