স্পোর্টস ডেস্ক
বার্সেলোনা শেষ দুই বছরে চ্যাম্পিয়ন্স লিগ নকআউট পর্বে তিন গোলে এগিয়ে গিয়েও যথাক্রমে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনাল থেকে ছিটকে গিয়েছিল। তবে দলটির সাবেক মিডফিল্ডার জাভি হার্নান্দেজের মতে, চ্যাম্পিয়ন্স লিগ জেতাটাকে প্রধানতম লক্ষ্য বানানো উচিত হবে না কাতালান ক্লাবটির।
সম্প্রতি মার্কাকে দেওয়া এক সাক্ষাত্কারে কাতারীয় ক্লাব আল সাদের কোচ বলেন, ‘চ্যাম্পিয়ন্স লিগকেই প্রধান লক্ষ্য করা উচিত বার্সার, এমনটা মনে করি না আমি। এটাকে কেবলই একটা চ্যালেঞ্জ কিংবা একটা লক্ষ্য হিসেবে দেখা যেতে পারে, এরচেয়ে বেশি কিছুই নয়। যদি আপনি কোনো কিছুর মোহে আটকে যান তখন সেটা বিপরীত ফল দেয়।’
বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে গেল সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে সার্জিও বুসকেটস, আর্থার মেলো ও ফ্র্যাঙ্কি ডি ইয়ংকে মাঝ মাঠে খেলিয়েছিলেন বার্সা কোচ আর্নেস্তো ভালভার্দে। জাভি জানান, তাদের পারফরমেন্স তাকে নিজের খেলোয়াড়ি জীবনের স্মৃতি মনে করিয়ে দিয়েছিল। স্প্যানিশ এই কোচ বলেন, ‘ভ্যালেন্সিয়ার বিপক্ষে অসাধারণ মানের নৈপুণ্য দেখেছি আমরা। প্রচণ্ড চাপে রেখে আমরা বলের দখল কেড়ে নিয়েছি এবং সবাই দলের জন্য খেলেছে। এটা ভালো বার্সেলোনা ছিল। ফাতি আর পেরেজের খেলাটা অ্যাকাডেমির জন্য ভালো খবর, সবকিছু এখন পর্যন্ত ঠিকঠাকই যাচ্ছে, যদিও প্রতিপক্ষের মাঠে কিছু বাজে ফলাফল আছে আমাদের।’
